Categories
কবিতা

বাবা-মেয়ে : রাণু সরকার।

বাবা বলেন, জানিস মা, মেয়েদের হাসি ছেলেদের হাসির থেকেও সুদৃশ্য।

এটাও জানিস না তুই! জেনে নে- ছেলেদের কান্না কত কষ্টদায়ক। জানিস, ছেলেরা সহজে কাঁদে না, কাঁদতে পারে না।

ছেলেদের সবকিছু অনুপূরণ করতে গিয়ে তারা কাঁদার কথা ভুলে যায় বা সময় পায় না।
যখন কান্না ধরে রাখতে পারেনা তখনই আড়ালে ফুপিয়ে কাঁদে বা বৃষ্টির সাথে বন্ধুত্ব করে, বৃষ্টি নিজের হাতে দু’চোখ ধুয়ে দিয়ে যায় যেন কেউ বুঝতে না পারে যে সে কেঁদে ছিলো।

তাই বলি কি মা সামনের দিন গুলো একটু ভেবে চিন্তে চলিস।

Share This
Categories
কবিতা রিভিউ

কবিতার পবিত্রতার ছুঁয়ে : শু ভ ঙ্ক র দা স।

বরিশালে জন্ম হলেও বালকটি বড় হওয়া কলকাতায়…
ইস্কুলের গণ্ডী পেরানোর অনেক আগেই কবিতায় নিমজ্জন। সেইভাব জাগ্রত হল,বরিশালে এক জমিদারের বৈঠকখানায় রবি বর্মার রামায়ণ-মহাভারতের ছবি দেখে,ভাবলেন চিত্রচিল্পী হবেন,কিন্তু ছবি আঁকা শুরু করলেন অক্ষরে…
সহসা মা মারা গেলেন।
বালকটি অসহায়,নিঃসঙ্গ এবং উদাস।
লিখলেন প্রথম কবিতা,মাকে নিয়ে,লিখে টাঙিয়ে রাখলেন দরজার পাশেই…
বরিশাল থেকে মাসির হাত ধরে মহানগরের পথে..
প্রচন্ড দারিদ্র্য এবং অসংখ্যবার বাসাবদল।
এর মধ্যে সেই বালক বড় হতে লাগলেন এবং মনেপ্রাণে এই বিশ্বাস প্রোথিত হল,কবিতার জন্য তাঁর জন্মগ্রহণ।
টিউশনির টাকায় পত্রিকা প্রকাশ।
নাম, কবিপত্র।
যেটি পরে সাহিত্যপত্রের ইতিহাস সৃষ্টি করে।
বাষট্টির বছর ধরে প্রকাশ হয়ে আসছিল। এক বিরাট বিস্ময়!
দেখা হল,বিষ্ণু দে,সুভাষ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, রাম বসু,নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আলোকরঞ্জন দাশগুপ্ত এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে..
আলাপ হল,প্রেরণা ও উৎসাহে পেলেন এক নতুন শক্তি।
তারপর মনে হল, কবিতার বই বের করতে হবে।
পান্ডুলিপি তৈরি হল,নাম দিলেন,’দর্পণে অনেক মুখ’।
কিন্তু ছাপতে কে? টাকা কোথায়?
কবির কী অবস্থা!
নিজে ভালো করে কবি খেতেই পান না!অন্য লোকের কাছে আশ্রিত।
অথচ তাঁর ধ্যানজ্ঞান,কবিতার বই বের করবেন।
এক বন্ধু কবিতা পড়ে বলল,আমি টাকা দেবো।
কবিযুবক ছুটলেন সিগনেটের কর্ণধার দিলীপ গুপ্তের কাছে।
প্রচ্ছদ আঁকলেন,পূর্ণেন্দু পত্রী।
সেই শুরু, আবির্ভাব হল এক নতুন কবিপুরুষের…
তিনি পবিত্র মুখোপাধ্যায়।
তিনি তো লিখতে পারেন—

“অনন্তকাল কেউ বেঁচে থাকবে না
খড়কুটোর রহস্য বেরিয়ে পড়বার আগেই
আমি
খুলে ফেললাম আনুগত্যের দস্তানা
হেলমেটের সবুজ ঢালুপথের ওপর দাঁড়িয়ে পড়লো সূর্য
আমি রেকাবে পা রাখলাম রেকাবে রাখলাম পা
রেকাবে”

কী আশ্চর্য!
কবি পবিত্র মুখোপাধ্যায় সিঁড়ি দিয়ে নামতে নামতে পা রাখার ভুলে পড়ে যান,তারপর হাসপাতালে..
তারপর অশেষ কবিতার যাত্রায়..

অলংকরণ। ভগীরথ সর্দার।।

Share This
Categories
উপন্যাস গল্প

কঙ্কাবতীর দুঃসাহস (ধারাবাহিক উপন্যাসঃঅন্তিম পর্ব) : দিলীপ রায় (+৯১ ৯৪৩৩৪৬২৮৫৪)।

তানিশা পল্লীদহ গ্রামের চয়ন হালদারকে বিয়ে করলো । গাঁয়ে চয়নের মুদিখানার দোকান । ভীষণ চালু দোকান । চয়নের সাথে তানিশার পরিচয় ছোটবেলা থেকে । কিন্তু মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল । কিন্তু সাগরের সাথে বিয়ে ভেঙ্গে যাওয়ার পর তানিশা নিয়মিত চয়নের সঙ্গে যোগাযোগ রাখতো, যেটা বাড়িতে কেউ টের পায়নি । তানিশাকে অর্ধাঙ্গিনী হিসাবে পেয়ে খুশীতে বিহ্বল । অন্যদিকে তানিশার বিয়ে হওয়ায় কঙ্কাবতী স্বস্তির নিশ্বাস ফেললো ।
তারপর …………?
তারপর তার মোবাইলে থানা থেকে হঠাৎ ফোন পেয়ে কঙ্কাবতী চমকে উঠলো । নিয়ামতপুর থানা থেকে স্বয়ং বড়বাবুর ফোন । ভয়ে ভীতিতে কঙ্কাবতী আমতা আমতা করে পাল্টা প্রশ্ন করলো, “আমাদের অপরাধ ?”
থানার বড়বাবু উত্তরে বললেন, “আপনি থানায় আসুন ! থানায় দেখা করলে টের পাবেন আপনার অপরাধ কী ?” থানার বড়বাবু আরও নির্দিষ্ট করে বললেন, “পরেরদিন সকাল এগারোটার মধ্যে আপনাকে থানায় আসার অনুরোধ রইল ।“
কঙ্কাবতী তার জামাইদের ডাকলো । সন্ধ্যায় কঙ্কাবতীর বাড়িতে চার মেয়ে ও চার জামাই এবং দুই ছেলে ও বৌমা উপস্থিত । কঙ্কাবতী সবাইকে আলাদাভাবে জিজ্ঞাসা করলো, তারা কোনো গর্হিত কাজ করেছে কিনা ? যার জন্য বড়বাবুর হঠাৎ তলব ! আলোচনায় কঙ্কাবতী বুঝতে পারলো, তার মেয়ে-জামাই এমনকি ছেলে-বৌমারা কেউ কোনো অপরাধমূলক কাজে লিপ্ত নেই । সুতরাং কঙ্কাবতী নিশ্চিন্ত, তাদের পরিবারের কেউ কোনো অপরাধমূলক কাজ করেনি । এমনকি কোনো অপরাধমূলক কাজের ষড়যন্ত্রেও তারা যুক্ত নয় । তাই কঙ্কাবতী ঠিক করলো, পরিবারের সকলে দল বেঁধে থানায় যাবে । বিনা অপরাধে বড়বাবুর কেন তলব ?
পরেরদিন সকালবেলা । রুটি ও কুমড়োর তরকারি রেডি । সবাই রুটি তরকারি খেয়ে চায়ের জন্য অপেক্ষারত ! নতুন বৌ লতা চা বানালো । চায়ের চুমুক দিয়ে ঘোতন সকলের উদ্দেশে বলল, “আর দেরী করা যাবে না । পরের ট্রেনটা মিঁয়া হল্টে ঠিক নটা দশ মিনিটে । ঐ ট্রেন যেভাবে হোক পেতে হবে । নতুবা অনেক দেরী হয়ে যাবে ।“
মিঁয়া থেকে সালার । সালার স্টেশনে নেমে বাসে নিয়ামতপুর থানা ।
বাড়ি থেকে বের হতে যাবে ঠিক সেই সময় চঞ্চল বটব্যাল এসে হাজির । চঞ্চল বটব্যাল পাশের গ্রামে বাস করেন । তিনি পুলিশের বড় অফিসার । এতকাল উত্তরবঙ্গে পোস্টিংয়ে ছিলেন । খুব সম্প্রতি তিনি নিয়ামতপুর থানায় বদলী হয়ে এসেছেন । গাঁয়ে তাঁর অনেক জমি জায়গা । এলাকার মানুষ তাঁকে সমীহ করে চলেন । কঙ্কাবতী শুনেছে, চঞ্চল বটব্যাল নাকি নিয়ামতপুর থানার মেজবাবু । কিন্তু কঙ্কাবতী ঘুণাক্ষরেও ভাবেনি, তাঁর মতো নামজাদা পুলিশ অফিসার তার বাড়িতে আসবে । তাই চঞ্চল বটব্যালকে দেখে কঙ্কাবতী তাঁকে আপ্যয়ন করতে ব্যতিব্যস্ত হয়ে উঠলো ।
কঙ্কাবতীর ব্যতিব্যস্ততা দেখে চঞ্চলবাবু বললেন, “আপনি ব্যস্ত হবেন না । বরং যেখানে যাচ্ছেন সেখানে যাওয়ার প্রতি ধ্যান দিন ।“
“তা হয় নাকি ! আপনি জীবনে প্রথম আমাদের মতো গরীবের বাড়িতে পা রাখলেন । সুতরাং আপনাকে একটিবারের জন্য হলেও বসতে হবে । আপনাকে চা খেয়ে যেতে হবে । দরকার হলে, থানায় একটু পরে যাবো ।“
“উহুঁ ! থানায় যেতে দেরী করবেন না । সেই কথা বলতেই আমার আসা । থানায় আপনাকে আর্জেন্ট দরকার ।“ চঞ্চল বটব্যাল জোর দিয়ে কঙ্কাবতীকে বললেন ।
সাহস পেয়ে কঙ্কাবতী চঞ্চলবাবুকে জিজ্ঞাসা করলো, “থানায় কেন আমার মতো গরীব মানুষের হঠাৎ তলব ? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না ! বিপদের কথা ভেবে গত রাত্রিতে আমার ঘুম হয়নি । থানায় আমাকে তলব কেন, জানালে আশ্বস্থ হতাম ।“
আমি কিচ্ছু জানি না । আমাকে বড়বাবু আপনার সঙ্গে দেখা করতে নির্দেশ দিয়েছেন এবং আপনাকে থানায় সঠিক সময়ে পৌঁছানোর জন্য বলেছেন ।
কঙ্কাবতী পুনরায় চঞ্চল বটব্যালবাবুকে বলল, “স্যার, আমার বড্ড ভয় করছে ! জীবনে এভাবে থানা থেকে আমাকে কোনোদিন ডাকেনি । এমনকি কোনো প্রশাসনিক দপ্তর থেকেও এভাবে ডাক পাইনি ।“
“আপনি অযথা উতলা হবেন না । থানার বড়বাবু ভীষণ ভদ্র মানুষ । আপনাদের কোনোরকম অসুবিধা হবে না ।“ চঞ্চলবাবু কঙ্কাবতীকে আশ্বস্ত করলেন । তারপর তিনি বাড়ির দিকে রওনা দিলেন ।
আর কালবিলম্ব না করে কঙ্কাবতী তার চার মেয়ে ও চার জামাই এবং দুই ছেলে ও দুই বৌমা এবং স্বামী অনিন্দ্যকে নিয়ে নিয়ামতপুরের দিকে রওনা দিলো । পরিবারের সবাইকে নেওয়ার একটাই উদ্দেশ্য, যদিও বিপদজনক কিছু ঘটে তবে সকলে মিলে থানার বড়বাবুর চেম্বারের বাইরে ধর্ণায় বসবে । নিরপরাধ মানুষকে ডেকে এনে কেন হুজ্জুতি ? কঙ্কাবতীর দূরদৃষ্টি সাংঘাতিক । বিপদে পড়লে নিজের লোকেরাই পাশে দাঁড়াবে । পাড়া প্রতিবেশীরা সমালোচনায় সিদ্ধহস্ত, অথচ বিপদে পড়লে তাঁরা বরং মুখটা ঘুরিয়ে নেয় । বেশী করে কটুকথা শোনায় । তাঁদের ভাবটা এমন, আমরা যতো বিপদে পড়বো ততো তাদের শান্তি !
সালারে পৌঁছে কী বিপদ ! নিয়ামতপুর যাওয়ার কোনো বাস নেই । বাস ধর্মঘট । সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত । সালার থেকে নিয়ামতপুর যাওয়ার রাস্তা খুব বেশী নয় । খুব বেশী সময় লাগলে, লাগবে আধা ঘন্টা । সকাল দশটা বাজে । কীভাবে পৌঁছাবে সেই চিন্তায় কঙ্কাবতী অস্থির । বাড়িতে এসে থানার মেজবাবু বলে গেছেন, ঠিক সময়ে থানায় পৌঁছাতে । অথচ যাতায়াতের কোনো যানবাহন নেই । সালার থেকে ট্যাক্সি ভাড়া করলে, অনেক টাকা খরচ ! তারা সংখ্যায় অনেক । বড় গাড়ি দরকার ! কঙ্কাবতী ঠাহর করতে পারছে না, তারা এখন কীভাবে পৌঁছাবে ?
ইত্যবসরে বড়বাবুর টেলিফোন, “হ্যালো ! আমি কি কঙ্কাবতী ম্যাডামের সঙ্গে কথা বলছি ?”
মায়ের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে মনীষা পাল্টা জানতে চাইলো, “আপনি কে বলছেন ?”
“আমি নিয়ামতপুর থানার বড়বাবু বলছি ।“
“নমস্কার স্যার । আমি কঙ্কাবতীর মেয়ে বলছি । ট্রেন থেকে নেমে আমরা সালারে আটকে গেছি । বাস ধর্মঘট ! নিয়ামতপুর পৌঁছানোর কোনো যানবাহন নেই । কী করব, ঠিক বুঝতে পারছি না ।“
আপনারা একসঙ্গে কতোজন আছেন ?
আমরা পরিবারের সবাই আছি । সংখ্যায় ১৪জন । বড় বৌদি আবার সন্তান সম্ভাবনা । যার জন্য আরও চিন্তা !
বড়বাবু আবার জিজ্ঞাসা করলেন, “এই মুহূর্তে আপনারা ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন ?”
আমরা স্টেশন লাগোয়া রাস্তায় দাঁড়িয়ে আছি ।
“আপনারা সকলে সালার স্টেশনের টিকিট কাউন্টারের কাছে গিয়ে দাঁড়ান । সালার থানা থেকে পুলিশের গাড়িতে আপনাদের নিয়ামতপুরে পৌঁছে দেবে ।“ বড়বাবু তারপর লাইন কেটে দিলেন ।
কঙ্কাবতী আরও শঙ্কিত, কী বিপদ তাদের জন্য অপেক্ষা করছে ! পুলিশ নিজ দায়িত্বে তাদের থানায় নিয়ে যাচ্ছে । অনিন্দ্য যতোবার বোঝাবার চেষ্টা করছে, আমরা সবাই তোমার পাশে আছি। সুতরাং ভয়ের কোনো কারণ নেই । তবুও কঙ্কাবতীর আশঙ্কার ধন্দে কাটছে না । ভয়ে বরং বলা চলে গুটিয়ে রয়েছে । অথচ থানার বড়বাবুর ডাককে উপেক্ষা করতে পারছে না । ঘোতনও মাকে বোঝাচ্ছে, “তুমি অযথা চিন্তা করছো ? নিশ্চয় বড়বাবু কোনো কাজের কথাবার্তার জন্য ডেকে পাঠিয়েছেন !”
ইতিমধ্যে সালার থানা থেকে পুলিশের দুখানি জিপ গাড়ি এসে হাজির ।
জেলার মধ্যে নিয়ামতপুর থানা একটি গুরুত্বপূর্ণ পুরানো থানা । আশেপাশে অনেক লোকজন ও দোকানপাট । এলাকায় হিন্দু-মুসলমান সব শ্রেণীয় মানুষের বসবাস । তবুও মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট । এই ব্যাপারে থানার ভূমিকা অনস্বীকার্য । নিয়ামতপুরে রয়েছে ব্লক অফিস, রেজিস্ট্রি অফিস, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আরও অসংখ্য ছোট ছোট অফিস । যার জন্য মহাকুমার মধ্যে নিয়ামতপুরের গুরুত্ব অপরিসীম ।
থানায় নামার সাথে সাথে ভয়ে কঙ্কাবতীর বুক ধড়ফড় !
থানার সামনে নীল-লাল বাতি লাগানো বেশ কয়েকটা গাড়ি । গাড়ি দেখে কঙ্কাবতীর আরও ভয় পেয়ে গেলো । অনিন্দ্যকে বলল, “আমাকে এক গ্লাস জল খাওয়াও ।“
অনিন্দ্য তড়িঘড়ি দোকান থেকে দশ টাকা দিয়ে জলের বোতল এনে কঙ্কাবতীকে খাওয়ালো । তারপর তার তেষ্টা মেটে ।
চঞ্চল বটব্যাল হাসতে হাসতে কঙ্কাবতীর কাছে উপস্থিত । তিনি কঙ্কাবতীকে বললেন, “আমরা আপনার জন্য অপেক্ষা করছি ।“
কঙ্কাবতী তখনও ভয়ে জড়সড় । কঙ্কাবতীর আড়ষ্টতা অবলোকন করে চঞ্চলবাবু আবার বললেন, “ম্যাডাম, ভয়ের ব্যাপার নয় । আপনি আপনার কথা নির্ভয়ে বলবেন । এখন আমার সঙ্গে চলুন ।“
আপনার সঙ্গে কোথায় যাব ?
বড়বাবুর চেম্বারে ।
আমার স্বামী ও পরিবারের লোকজন কখন যাবে ?
আপনি ভিতরে ঢুকে স্যারকে বলবেন, “আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে আলোচনায় থাকতে চায় ? তিনি সানন্দে সম্মতি জানাবেন । কিন্তু এই মুহুর্তে আপনি একা আমার সাথে বড়বাবুর চেম্বারে ঢুকুন । কেননা সেখানে জেলার অনেক উচ্চপদস্থ আধিকারিকগণ বসে আছেন । বড়বাবুর অনুমতি ব্যতিরিকে পরিবারের লোকজন চেম্বারে ঢোকাটা শোভনীয় হবে না । আর সময় নষ্ট করবেন না । আমার সঙ্গে চলুন ।“
বড়বাবুর চেম্বারে ঢুকে দুই হাত জড়ো করে কঙ্কাবতী বলল, “নমস্কার স্যার ।“
“বসুন ।“ হাত দিয়ে চেয়ারটা দেখিয়ে দিলেন বড়বাবু । বড়বাবুর নির্দেশ মতো কঙ্কাবতী চেয়ারে বসলো ।
তারপর বড়বাবু আবার বললেন, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই । আপনার পাশে রয়েছেন এলাকার বি ডি ও সাহেব এবং একেবারে সামনে রয়েছেন মহাকুমা শাসক এবং বা-পাশে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক । আপনাকে এখানে ডাকার কারণ এবার খুলে বলি ।
কঙ্কাবতী বড়বাবুর দিকে তাকিয়ে বলল, “স্যার, আলোচনার মধ্যে আমার পরিবারের লোকজন থাকলে ভাল হয় ।“
“অবশ্যই তারা থাকবেন ।“ বড়বাবু তারপর চঞ্চলবাবুকে বললেন, “কঙ্কাবতীর সাথে যারা এসেছেন, সবাইকে ডাকুন ।“
একদিকে জেলা প্রশাসনের মানুষজন বসেছেন এবং ঠিক তার উল্টোদিকে মুখোমুখি কঙ্কাবতীর বাড়ির লোকজন ।
বড়বাবু শুরু করলেন, “আপনার নাম কঙ্কাবতী ?”
হ্যাঁ স্যার ।
আপনার চার মেয়ে ও দুই ছেলে ?
“হ্যাঁ স্যার । কিন্তু স্যার, আমার বাড়ির এত খবর জানলেন কীভাবে ?” কৌতুহলবশত জিজ্ঞাসা করলো কঙ্কাবতী ।
“সেই প্রসঙ্গে পরে আসছি । এবার আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা সেরে নিই !” বড়বাবু হাসিমুখে কথাগুলি বলছিলেন । ঠিক তার মাঝখানে কঙ্কাবতী মুখটা ভার করে উঠে দাঁড়িয়ে বলল, “স্যার, আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি । আবার কী ধরনের বিপদের কথা শোনাবেন, বুঝতে পারছি না ?”
অতিরিক্ত জেলা শাসক চঞ্চলবাবুর দিকে তাকিয়ে জানতে চাইলেন, “আপনারা ম্যাডামকে কিছু জানাননি ?”
চঞ্চলবাবু সঙ্গে সঙ্গে উত্তরে বললেন, “স্যার, আমাদের বড়বাবু স্যারের নির্দেশ ছিল ‘ম্যাডামকে আগেভাগে কিছু না জানাতে’ । সেই মোতাবেক আমরা ম্যাডামকে কিছুই জানাইনি ।“
এবার বড়বাবু অতিরিক্ত জেলা শাসকের দিকে তাকিয়ে বল্লেন, “ম্যাডামকে সারপ্রাইজ দেওয়ার জন্য খবরটা জানাইনি ।“
তারপর অতিরিক্ত জেলা শাসক কঙ্কাবতীর কাছে গিয়ে বললেন, “আপনি বসুন ম্যাডাম । বড়বাবু একটা ভাল খবর শোনাবেন । যে খবরটার জন্য আমরা জেলার মানুষ গর্বিত ।“
বাড়ির সকলের দৃষ্টি এখন বড়বাবুর দিকে ।
বড়বাবু আবার শুরু করলেন, “ম্যাডাম, আপনি সমস্ত প্রতিকুলতা কাটিয়ে যেভাবে আপনার চার মেয়েকে মানুষ করেছেন এবং তাদের নিজের পায়ে দাঁড়াতে সহযোগিতা করেছেন, তার স্বীকৃতি স্বরূপ কেন্দ্রিয় সরকার আপনাকে “নারীশক্তি” সম্মাননা দিয়ে সম্মান জানাবেন । এটি একটা বিরল সম্মান । আমাদের রাজ্য থেকে একমাত্র আপনি সেটা পাচ্ছেন ।“
খবরটা জানানোর সাথে সাথে সকল প্রশাসনিক কর্তাব্যক্তি উঠে দাঁড়িয়ে হাত তালি দিয়ে কঙ্কাবতীকে সম্মান জানালো । কঙ্কাবতী তখন তার চোখের জল ধরে রাখতে পারলো না । স্পটেই কেদে দিলো । পরিবারের সবাই তখন কঙ্কাবতীকে জড়িয়ে ধরে আবেগে উচ্ছ্বাসে আনন্দাশ্রুতে বিহ্বল ।
————-০—————

Share This
Categories
কবিতা রিভিউ

ঈশ্বরী পাটনির সন্ধানে; দুই : শুভঙ্কর দাস।

ঈশ্বরী পাটনির সন্ধানে। দুই

প্রতিটি পদক্ষেপে ব্যর্থতা।
ছাত্রজীবনে প্রবেশিকা পরীক্ষায় ফেল।
আবার চেষ্টা, আবার ফেল।
ক্রমাগত কয়েকবারের চেষ্টায় উত্তীর্ণ।
বি.এ. পরীক্ষা দেন প্রেসিডেন্সি কলেজ থেকে,কিন্তু পরীক্ষা ভালো দেননি বলে,অনার্স টিকল না।
বিলেত গেলেন আইসিএস হবেন বলে,সেখানেও ব্যর্থ।
নিজের ব্যর্থতা নিয়ে রসিকতা করে বলতেন,I came out first in the unsuccessful list’
বিলেতে গেছিলেন আইসিএস হতে কিন্তু ফিরে এলেন ব্যারিস্টার হয়ে।
কলকাতায় ফিরলেন ১৮৯৩ সালে,আবার ব্যর্থ।পসার জমাতে।
এদিকে মারাত্মক বিপদ।পিতার মৃত্যু। এবং বিপুল ঋণের বোঝা পুত্রের কাঁধে।
আদালত তাঁদের পরিবারকে দেউলিয়া ঘোষণা করলেন।
কী করবেন?
শুরু করলেন পড়াশোনা। নানা ধরণের বই পড়তে লাগলেন।বেশি পড়লেন কবিতা।
লিখে ফেললেন কাব্যগ্রন্থ ‘মালঞ্চ’। পাঠকসমাজ পেল নতুন কবি।
সেই সঙ্গে সম্পাদনা করছেন সাহিত্যের পত্রিকা।
তারপর সহসা অলৌকিকভাবে হাতে আসে আলিপুর বোমার মামলা।জয়লাভ করলেন।রক্ষা করলেন ঋষি অরবিন্দকে।
ব্যাস,সেই শুরু, একজন মহামানবের পথচলা।
তারপর এমন বিখ্যাত ও প্রভাবশালী আইনজীবী ও স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ হয়ে উঠলেন,লোকে তাঁর চোখে দেশ দেখতে শুরু করলেন।
শুধু বিরাট পিতৃঋণ শোধ করেননি,দানে-ধ্যানে-চরিত্রে-কর্মে হয়ে ওঠেন প্রবাদপ্রতিম।
মহাত্মা গান্ধি পর্যন্ত তাঁর সঙ্গে লড়াই নেমে চোখের জল ফেলে বলে ওঠেন,হমে হারা দিয়া।
সেই যোদ্ধা, কবি, দানসাগর যখন পরলোকগমণ করলেন সারা দেশ মহাশূন্যতায় ডুবে গেছিল।
ডক্টর বিধানচন্দ্র রায় সেই মহামানবের ছবি নিয়ে ছোটেন রবীন্দ্রনাথের কাছে।
আবেদন, এই ছবির ওপর একটা কবিতা লিখে দিতে।
রবীন্দ্রনাথ বলেছিলেন,ডাক্তার, এ তো প্রেসক্রিপশন করা নয় যে,কাগজ ধরলে আর চটপট লেখা হয়ে গেল।
বিধানচন্দ্র জানালেন,তিনি অপেক্ষা করবেন।
অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
রবীন্দ্রনাথ লিখে দিলেন,

” এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ
মরণে তাহাই তুমি করে গেলে দান।”

আশা করি বুঝতে পারছেন,কার কথা বলছি,দেশবন্ধু।
চিত্তরঞ্জন দাশ।

তাই পড়াশোনা,সত্যিকারের পড়াশোনা, কার জীবন কীভাবে বদলে দেবে,সেটা কেউ জানেন না!
একমাত্র মা সরস্বতী ছাড়া!

শুভঙ্কর দাস। ০৬/০৭/২০২২

Share This
Categories
কবিতা রিভিউ

মৌরিফুলের কবির সুঘ্রাণ ও সৌন্দর্য : শু ভ ঙ্ক র দা স।

“ধুস,তাই কি কখনো হয়
রৌদ্রের সাথে বৃষ্টির পরিণয়”

এই অসামান্য আলোকময় প্রেমের কবিতাটি মল্লিনাথ চট্টোপাধ্যায়ের লেখা।
এবং হ্যাঁ,এই চরণগুচ্ছের মধ্যে একটি শব্দ ‘ধুস’ এর জন্য মল্লিনাথ চট্টোপাধ্যায়কে আমার প্রিয়তর কবি করেছে,প্রেমের কবি করেছে এবং আটপৌরে জীবনের সংবেদনশীল রচনাকার করেছে।
এক হাজার চরণের মহাকাব্যের পাশে এই দুটি চরণ সমানভাবে বসতে পারে,সসম্মানে এবং সাধনায়…
এটি আমার ব্যক্তিগত মতামত।
কিন্তু আমরা কজন কবি মল্লিনাথ চট্টোপাধ্যায়কে চিনি?
কজন তাঁর কবিতা পড়েছি?
কজন তাঁর সাধারণ, অতি সাধারণ জীবনযাত্রার মধ্যে এইসব অসামান্য অনুভবের কবিতা সৃষ্টির কাহিনি জানি!
জানি না!
তখন মল্লিনাথ নিজেই বলেন চায়ের বৈঠকী মজলিসি মুগ্ধতায়,

“চালচুলোহীন মানুষের কিছু কথা থাকে,কিছু প্রশ্ন থাকে।
কোনো কোনো গাঢ় দুপুরের আলোয় সে সব কথা
উথালিপাথালি ওড়ে
বানপুকুরের পাড় ধরে উড়ে যায় খাটপুকুরের দিকে
কোনোদিন তারা পাক খায় শহরের এমাথা ওমাথা
তারপর ফিরে আসে
ভিতরের ঘরে
এখানে চালও নেই, চুলোও নেই, সেখানে শুধুই
সে আর তার কিছু কথা,কিছু স্বপ্ন হামাগুড়ি
দিয়ে এপাশ ওপাশ করে”

হ্যাঁ,কবিতায় যে শহরের কথা বলা হয়েছে, তা হল পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত। এইখানে মল্লিনাথ চট্টোপাধ্যায় কবিতার বন্দর, মনের মালপত্র এইখানেই হিউয়েং সাংএর হাতে সঁপে দেবেন বলে ঘুরে বেড়ান সাদা পাজামা আর ফতুয়া পরে…
দিনরাত, রাতদিন।

আচ্ছা এই মল্লিনাথ চট্টোপাধ্যায় বললেন,কিছু কথা, কিছু স্বপ্ন, এইগুলো কেমন করে হামাগুড়ি দিয়ে পাঠকের বুকের মধ্যে সেঁধিয়ে গিয়ে তুমুল বেগে দৌড়াদৌড়ি করছে, একটু দেখে নিই,

এক

“বহু পুরাতন পয়ারের গায়ে যেখানে পড়েছে ধুলো
দিন শেষ করে সবে সাঁঝবেলা তরুণ সেখানে শুনলো”

দুই

“এমন করেই দিন কেটে যায়,উদাস হাওয়ায়
একলা একা বাঁচতে হবে তীব্র চাওয়ায়।’

তিন

” সহজ ছিল না আস্থা রাখা অপরিসীমে
তাই একা একা ভিজেছি হিমে ”

চার

“নদীর জলে নৌকা ভাসে
চোখের জলে তুমি
বুকের ভিতর বাড়ছে ব্যথার
নিবিড় মরুভূমি ”

পাঁচ

“রৌদ্র গন্ধ মেখে শুয়ে আছে নিঃসঙ্গ বিছানা
কেউ নেই তার বুকে আদরে সোহাগে
সে একা শুয়ে আছে একার ভিতরে”

আহ্ কী জ্যোৎস্নাধৌত অনুভব,” সে একা শুয়ে আছে একার ভিতরে ”
এ যেন কবি মল্লিনাথ চট্টোপাধ্যায়ের নিজের আয়না।তাই কবিকে অনায়াসে মৌরিফুলের কবি বলা যায়,মৌরিফুল যেমন সুগন্ধি ও সুস্বাদে ফুটে থাকে ছোট্ট ছোট্ট মাটিজুড়ে,তেমনই মল্লিনাথ চট্টোপাধ্যায়ের কবিতা সেইরকম মন ও মননের মাটি জুড়ে বিন্দু বিন্দু বোধশব্দ হয়ে জেগে থাকে।
তাই তিনি মৌরিফুলের কবি।
এমন একজন প্রেমের গভীরতা ও পেয় হয়ে ওঠানো অক্ষরকর্মীকে কবি মৃদুল দাশগুপ্ত বলেন

“আমার বন্ধু মল্লিনাথ মরিয়া জীবনযুদ্ধে সেই কিশোর বয়স থেকে সে লিখ চলেছে।এমনকি নিজের দিকে ভ্রূক্ষেপ না করে,চারিদিকে তাকিয়ে ”

কবি শ্যামলকান্তি দাশ বলেন,

“শত দুঃখের মধ্যেও কবিতা থেকে মল্লিনাথ সরে যায়নি।অনেক উৎকৃষ্ট কবিতা লিখেছে সে।কবিতাই এখন হয়তো তার সহায়,সম্বল।একমাত্র আশ্রয়। ”

কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায় লিখলেন,

“প্রায় ৪৫ বছর ধরে নিরবচ্ছিন্ন কবিতা লিখে চলছেন মল্লিনাথ। গৃহশিক্ষকতার সামান্য অর্থকে সম্বল করে শুধু কবিতাকে আঁকড়ে ধরে বেঁচে থেকেছেন।কলেজ জীবনে এক সহপাঠিনীর প্রেমে ভেসে গিয়েছিলেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত বৃদ্ধ বাবা ও অবিবাহিতা বোনকে নিয়ে সারাজীবন কাটিয়ে দিলেন,সেও কবিতাকে ভালোবাসেই”

সহদেব প্রধান শ্রদ্ধার সঙ্গে লিখেছেন,

“সমস্ত উচ্চাশা লোভ খ্যাতি সংবরণ করে শুধু কবিতার জন্য দারিদ্র্যের কণ্টকাকীর্ণ রুগ্ন অথচ মর্যাদার পথ বেছে নেওয়া,এ লড়াইটা সবাই লড়তে পারে না,তাই সাধারণ হয়েও কবি মল্লিনাথ অসাধারণ। ”

তাই বোধহয় মৌরিফুলের কবি মল্লিনাথ চট্টোপাধ্যায় এভাবে লিখতে পারবেন,

“তুমি তো কতই সহজে
গিয়েছ ভুলে
নির্জন সেই হঠাৎ প্রেমের হাওয়া
তোমাকে সাজানো
অনামা রঙিন ফুলে
সারাটা দুপুর, তোমাকেই শুধু চাওয়া।”

এখন যদি আমরা এই রকম মৌরিফুলের কবির সুগন্ধি ও সৌন্দর্য না চিনতে শিখি, না বুঝতে শিখি,তাহলে আমাদের প্রেমে পড়ার অর্থ কী?
আমাদের ভালোবাসা প্রকাশের অন্ধত্ব ও অন্ধকার দূর হবে কী করে?
আপনি যা ভেবেছেন,প্রেমের প্রতি, নিজের প্রেমিকার প্রতি,আবার অপরদিকের ক্ষেত্রেও তাই সত্য, তা কিন্তু অর্ধ,অসম্পূর্ণ এবং অবয়বহীন।
তাকে সুন্দর ও সাবলীল করতে হলে প্রেমের কবিতা পড়তে হবে এবং অবশ্যই মল্লিনাথ চট্টোপাধ্যায়কে পড়তে হবে।
আপনি কবিতা চর্চা করেন,আপনাকে আরও বেশি করে পড়তে হবে। হবেই।
তাহলে মল্লিনাথ চট্টোপাধ্যায়কে, যিনি মৌরিফুলের কবি তাঁকে পাবেন কীভাবে?
একটা উপায়,আপনি সোজা তমুলক চলে যান,সেখানে মাতা বর্গভীমার দর্শন করে রাস্তায় যাকে হোক জিজ্ঞেস করবেন, মৌরিফুলের কবিকে কোথায় পাওয়া যাবে?
কেউ না কেউ বলেই দেবেন।
আপনি দেখা করে নেবেন,কবিতাও শুনে নেবেন।
তারপর হয়তো আপনি সরাসরি কবি মল্লিনাথকেই না চিনেই জিজ্ঞেস করে বসলেন, তখন উত্তর একটু দেরিতে পাবেন।
তার কারণ আমি ভাঙব না!
আপনি নিজে অনুসন্ধান করুন।
উপায় দুই, একজন নবীন কবি আছেন,তাঁর নাম অরিন্দম প্রধান,নাটক তাঁর প্যাসন,কবিতা তাঁর প্রাণ। তিনি আবার সম্পর্কের কবিতায় অসাধারণ অনুভাবী, তিনি একটি দরজা তৈরি করেছেন।
তাঁর কাছে গিয়ে সবিনয়ে বলুন,কবিবর, একটু মৌরিফুলের কবির দরজাটা খুলে দেবেন?
অবশ্যই খুলে দেবেন,কারণ অরিন্দম প্রধান নিজেই তো মল্লিনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে লিখেছেন,

“হে প্রেম,ক্ষুধা নিবৃত্ত করো
ছাইটুকু ফেলে দিয়ে শুষে নাও শব্দের হাড়
মানুষ আগুন ধরানো এক ঋতু পাখি
রঙের ঝোলা
পুড়ে যাওয়া প্রেম থেকে বেরিয়ে আসে
জীবনের সুতো ”
সেই সময়
আপনি সরাসরি মল্লিনাথে প্রবেশ করতে পারবেন এবং মল্লিনাথ সঙ্গে সঙ্গে মৌরিফুলের মতো বলে উঠবেন,

“দৃশ্যত তোমার মুখোমুখি হই না
অথচ
আমাদের দেখা শোনা হচ্ছে প্রতিদিন ”

—————————-//———————–

নির্জন কবি মল্লিনাথ
সম্পাদনা। অরিন্দম প্রধান
প্রচ্ছদ। অঙ্কন মাইতি
প্রকাশ। লিপি
মূল্য। ২৫০ টাকা

ওহ্ একটা কথা বলার ছিল,এটা ঠিক আলোচনা নয়,যাঁরা মৌরিফুলের কবির কোনোদিন ছবি দেখেন অথবা সামনাসামনি হননি,তিনি অনায়াসে কবি ও শিল্পী অঙ্কন মাইতির অপূর্ব আলো দিয়ে আঁকা ছবিটি দেখুন,মুগ্ধ হবেনই।
লিপি প্রকাশনার কর্ণধার কবি গৌতম ভট্টাচার্য এতো মনোহর মুদ্রণ ও অসাধারণ প্রোডাকশন করেছে যে,মল্লিনাথ নামক মৌরিফুলের কবির ঘ্রান ও ঘনত্ব ধারণা করতে কোনোরূপ কষ্ট ও কাঠিন্য মনে হয় না!

Share This
Categories
কবিতা নারী কথা

নারী : অজয় কুমার রজক।

রং বেরঙের রঙিন শাড়ি,
কপালে টিপ, খোঁপায় ফুল, অপূর্ব তুমি নারী।
জন্ম মোদের নারীর গর্ভে,
বুক ফুলে ওঠে তোমার গর্বে।
সকল মনীষী, মহাপুরুষ ,বীরপুরুষের জন্মদাত্রী,
তুমি দুর্গা, লক্ষ্মী- সরস্বতী, তুমি জগদ্ধাত্রী।
সংসারেও তুমি দশভূজা,
অতি যত্নে পরিবারের সকলের কর পূজা।
কখনো মা, কখনো বোন, কখনো মেয়ে ও প্রেয়সী।
তোমার সঙ্গ বিনা অসহায়, জীবন হতশ্রী।
জীবন- সংসার এগোবে না এক বিন্দু,
ভালবাসার আধার তুমি, তুমি করুণা সিন্ধু।
কর্তব্য, দায়িত্ববোধে অটল,
সংসারকে রাখো সর্বদা সচল।
কে বলে নারী বন্দী সুখী গৃহকোণে!
আজ সামিল তারাও কর্ম রণাঙ্গনে।
চাকুরী করে, প্লেন চালায়, মহাকাশে দেয় পাড়ি,
নয় অবলা, চালায় মোটর আর সংসার গাড়ি।
নারীদের অবহেলিত করছ যারা,
পাষণ্ড, নির্মম, অধম তারা।
জেনো দুই বংশেরই প্রদীপ নারী,
মুছে যাক সকল দখলদারি।

Share This
Categories
নারী কথা

কবিতা পরমেশ্বরী : শুভ্রাশ্রী মাইতি।

দুপুরের ঘুঘুডাকা নির্জনতা। পাতা পড়লেও বোধহয় শব্দ শোনা যাবে পুকুরে–টুপ্। মামার বাড়ির লাইব্রেরির চৌদ্দো হাজার বইয়ের আলমারির পাশে বইপাঠে নিমগ্ন একাকী বালিকা।
অক্ষর, অক্ষর পেরিয়ে শব্দ, ছন্দ, উপমা, যতি, ব্যঞ্জনা, অভিজ্ঞতা, উপলব্ধি আর বোধির এক আশ্চর্য আলোকিত রূপকথা জগত। পা ফেলে মেয়েটি, সন্তপর্ণে। মাকে দেখেছে তো সে ছোট থেকে, এই অজানা জগতটি থেকে ঘুরেফিরে বেরোতে। জাবদা খাতায় মুক্তোর মতন অক্ষর সাজিয়ে লিখে ফেলতে মনের কথা। কেমন যেন আলো আলো হয়ে ওঠে মায়ের মুখটা তখন। মাকে জিজ্ঞেস করে জেনেছে, একে বলে কবিতা। অবাক হয়েছে খুব। কি আশ্চর্য, একেবারে তারই নামটি কেটে বসানো যে। লেখাগুলোকে বড় আপন মনে হয় তার। মায়ের পেটের বোনটি যেন।
সে ও লিখতে শুরু করে খাতায়। ছোট মনের ছোট, ছোট কথা। দুঃখ-ব্যথা। বয়স মোটে ছয় কি সাত। এতটুকু মেয়ে হলে হবে কি, হৃদয় আর বোধ যেন তার কত বড়। শুধু ফুল, পাখি, গাছ, নদী নয়, তাকে টানত জীবন। মানুষের জীবন। চারপাশ থেকে কুড়িয়ে নেওয়া ছোট, বড় অভিজ্ঞতা। কৃত্রিম বা বানানো কোন কিছুতে তার বিশ্বাস নেই মোটে। জীবনে যা নেই, তাকে কলমে এনে কি এমন রাজ্যোদ্ধার হবে—এমনই ছিল ভাবখানি তার।
কৈশোরে কবিতার জগতে নতুন ভুবনের দরজা খুলে দিল তার কাছে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা এবং জীবনানন্দ দাশের কবিতাবলী। মেয়েটি বুঝল, তার অনেক কিছু বলার আছে। আর এই বলার একটা মাধ্যম হল তার লেখালিখি। লেখা হয়ে উঠল তার নিয়তি।
যৌবনে পা দিয়ে সে দেখল মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সামাজিক বঞ্চনা, নারী-পুরুষের বৈষম্য, ক্ষমতার রাজনীতি, পুরুষের আধিপত্যবাদী অনুশাসন। অথচ কত শান্ত, নিশ্চুপ সকলে। সমস্ত অসমতার বিরূদ্ধে গর্জে উঠল তার প্রতিবাদী কলম, সহজ, প্রত্যয়ী উচ্চারণে—
‘ না, আমি হবো না মোম
আমাকে জ্বালিয়ে ঘরে তুমি লিখবে না।

কবিতা লেখার পর বুকে শুয়ে ঘুমোতে দেব না।’

লোনাজলের ঝাপসা হয়ে যাওয়া নারীর ভেতর এই যে আরেক নারী, তার ক্ষোভ, ক্রোধ, অভিমান নিয়ে যে ‘বাসন্তী অসুখ’ তাকে তিনি চোখের ঝিনুকে নয়, ধরলেন কলমের শাণিত তরবারিতে, জলের অক্ষরে—
‘ কি নেবে দেহের থেকে? মাংস মেদ বসা?
প্রাগৈতিহাসিক অগ্নি? পোড়া মাংসের ঘ্রাণ, রক্ত-পানীয়
নখ দাঁত চুল কিংবা অন্নপাত্র দিব্য করোটি?
অথবা কি নিষ্কাশন করে নেবে প্রতিভা ও মেশিনের মিশ্র কুশলতা?

দেহের থেকে চাড় দিয়ে ক্রমাগত খুলে নেবে শিশু।’
পুরুষতান্ত্রিক সমাজের নির্মিত আশ্রয় দাত্রী, রহস্যময়ী, পেলব নারীর সাজানো মিথকে ভেঙে বিশ শতকের আধুনিক নারীসত্তার দৃপ্ত উচ্চারণে নারীকে প্রথম প্রতিষ্ঠা করলেন তিনি কলমের জোরে।
‘কবিতা পরমেশ্বরী’, কবি, সেই কবিতা সিংহকে আজ এই নারীদিবসে জানাই অন্তরের অক্ষরফুলে সশ্রদ্ধ প্রণাম। তাঁর ‘সহজসুন্দরী’- হয়ে যেন বলে উঠতে পারি আমরা একদিন—-
‘ আমি
মৃত্যুর মতন নগ্ন, অশ্বারোহিণী এক
নিজ অশ্বে একা
অহংকার ছুঁড়ে দেওয়া আরো বড় অহংকারে ধনী।'( ‘অহংকার’)

‘আমিই প্রথম বিদ্রোহিণী ‘। ( ঈশ্বরকে ইভ)

Share This
Categories
কবিতা

নাচুনে বসন্ত :: রাণু সরকার।।।

বসন্তে শুধু কোকিল নয়
অন্যান্য পাখিরাও সুমধুর সুরে গান করে আর এডালে-ওডালে নেচে বেড়ায়,
তবে কোকিল বেশি ডাকে।

গভীর প্রণয় জাগে এই বসন্তে,
কামোচ্ছ্বাসে সঙ্গী খুঁজে
বেড়ায় পুরুষ কোকিল- তাই সুরেলা স্বরে ডাকতে থাকে-
সঙ্গীকে পাবার তীব্র
আকাঙ্ক্ষা যখন অতন্দ্র হয়
তখন আসে তার সঙ্গী সঙ্গম করতে।
এই সুরেলা ধ্বনি জীবাধারে ছড়িয়ে পড়ে,
অব্যক্ত থাকে জীবাধারের হৃদয়ে ঘনিষ্ঠ ভাব!

অভিলাষ অতন্দ্র হয় নানান নাচুনে-
পদ্য-গদ্য-গীতিকাব্যতে।

বসন্তের এই বাতাসের গন্ধ শুঁকে টের পাই
অতীতের স্মৃতি-
চঞ্চল হয় কবির মন, কত কি জাগে মনে।

বসন্ত তুমি কত সুন্দর সোহাগ মাখাও হৃদয়ে।

Share This
Categories
কবিতা

পোয়াতি ::: রাণু সরকার।।।

এসে দেখি তুমি অবহেলায় ঘুমিয়ে আছো-
কেনো তোমার শরীর খারাপ বুঝি?
এতো খোঁজ নিচ্ছো যে-
তুমি কি ভালোবাসো?

না, বাসি না-
ভালো না বাসলেও বিচ্ছেদের ব্যথাটা ভালো বুঝতে পারি।

ভালো না বেসে কিকরে বোঝো?

বুঝি গো বুঝি, শোন তবে-
আমার ভালোবাসা পোয়াতি হয়েছিলো-
ভরা মাস তীরটা এসে জঠরে বিঁধলো,
জীবনমরণ কঠিন সমস্যা আমি বেঁচে গেলাম
কিন্তু গর্ভেই মৃত্যু ঘটলো আমার ভালোবাসা জন্ম নেবার সুযোগ পেলোনা!

Share This
Categories
কবিতা

শেষ সফর :: রাণু সরকার।।

শেষকালে যখন সফর হবে শকটে
দূরের রাস্তা দিয়ে মন্থর গতিতে চলবে পা,
মুখে ধ্বনিত হবে নাম!
সদর দ্বারে দেখবে দাঁড়িয়ে, দু’গাল বেয়ে পড়বে ঝরে শুক্তি,
একটু দাঁড়াতে বোলো, অকুন্ঠচিত্তে দু’একটি দিও আমার গালে ছড়িয়ে!

তোমার দাম্ভিকতা হয়তো বা যাবে চলে,
তখন গর্বে আপন কুলায় হবো বিলীন!
তখন পারবে কি সোহাগের চিহ্নে সজ্জীকরণ করতে
শৈলপ্রান্তে?

বৃথা গেলো যে জনম
শৈলপ্রান্তে না হয় একটু অধরের স্পর্শ দিলে!
তখন ছিলো হতচেতন মন,
আসবো আবার ফিরে তখন তুমি থেকো পাশে পাশে!
ভুলভ্রান্তি গুলো সব শুধরে রেখো আগে থেকে-
জুঁইয়ের মালা রেখো কিন্তু দুটো!
মুখোমুখি বসবো হাতে হাত রেখে!

Share This