মালদহ, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গাজোল বিধানসভা এলাকায় নিজেদের শক্তি বাড়াল ভারতীয় জনতা পার্টি। চিন্ময় দেব বর্মন-এর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ প্রায় শতাধিক কর্মী-সমর্থক।
রবিবার মাঝরা গ্রাম পঞ্চায়েত এলাকার বেগুনবাড়িতে আয়োজিত এক কর্মসূচিতে এই যোগদান হয়। এদিন চিন্ময় দেব বর্মনের হাত ধরে নবাগতরা বিজেপির পতাকা তুলে নেন।
বিজেপি বিধায়কের দাবি, বাংলায় পরিবর্তন আনতে এবং নরেন্দ্র মোদী-র হাত শক্ত করতেই এই যোগদান। তাঁর মতে, আগামী দিনে গাজোল বিধানসভায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে।
যোগদানকারী কর্মীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এলাকায় নৈরাজ্য ও দুর্নীতি বাড়ছে বলেও তাঁদের দাবি। সেই কারণেই পরিবর্তনের আশায় বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান তাঁরা।
যদিও এই যোগদান কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁদের কটাক্ষ, এটি শুধুমাত্র রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয়।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে গাজোল বিধানসভা এলাকাকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়। গত লোকসভা নির্বাচনেও এই বিধানসভা এলাকা থেকে বিজেপি উল্লেখযোগ্য লিড পেয়েছিল। সেই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে এই যোগদানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Categories
গাজোলে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর, রাজনৈতিক তরজা তুঙ্গে।