মালদা, নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবে ড্রেন পরিষ্কারের কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম আলমগীর হোসেন (২১)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর ব্লকের রাঙ্গাইপুর গ্রামে। যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে, পাশাপাশি তৈরি হয়েছে রহস্যও।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে স্থানীয় এক ঠিকাদারের সঙ্গে কাজের খোঁজে পাঞ্জাবে যায় আলমগীর। সেখানে ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন তিনি। মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ ড্রেন পরিষ্কার করতে নামার সময় তাঁর মৃত্যু হয়েছে বলে সহকর্মীরা ফোনে পরিবারের সদস্যদের জানান।
এরপর বুধবার দুপুরে ড্রেন থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, প্রথমে তাঁদের জানানো হয়েছিল যে আলমগীর নিখোঁজ হয়ে গিয়েছেন। পরে ড্রেন থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ার খবর আসে। তাঁদের সন্দেহ, যুবককে খুন করে ড্রেনের ভিতরে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন করলেও তিনি ধরছেন না। ফলে মৃত্যুর পিছনে রহস্য রয়েছে বলে দাবি করে ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন মৃতের পরিবার।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মৃতের বাড়িতে যান বাম নেতা সেখ খলিল ও আরজাউল হক সহ অন্যান্যরা। তাঁরা পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধেও রাজনৈতিক মন্তব্য করেন বাম নেতা আরজাউল হক। তাঁর অভিযোগ, রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় বহু মানুষকে কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হচ্ছে এবং সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন বাংলার শ্রমিকরা।
Categories
পাঞ্জাবে ড্রেন পরিষ্কার করতে গিয়ে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের, রহস্য ঘিরে চাঞ্চল্য।