Categories
বিবিধ

প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার প্রতিবাদে বালুরঘাটে কংগ্রেসের পথ অবরোধ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র কলকাতার ব্রিগেড সমাবেশ ও সরকারি কর্মসূচির প্রতিবাদে শনিবার পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হল ভারতীয় জাতীয় কংগ্রেস। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বালুরঘাট শহরের বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
গোপাল দেব-এর নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকেরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এদিন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জড়ো হয়ে কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে থাকেন এবং কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন। এর ফলে এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভ মঞ্চ থেকে গোপাল দেব অভিযোগ করেন, দেশে এলপিজি সহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। পাশাপাশি জেলায় এলপিজি সিলিন্ডারের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মূল্যবৃদ্ধি ও এলপিজি সংকটের প্রতিবাদেই এই আন্দোলন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন।
জানা গেছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি-র ডাকে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক সহ রাজ্যের অন্যান্য জায়গাতেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *