দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জনসংযোগ বাড়াতে এবং সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনার লক্ষ্যে ডঃ অশোক কুমার লাহিড়ী জনসংযোগ কর্মসূচি পালন করলেন। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা এলাকার অন্তর্গত হিলি ব্লকের হিলি বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
ভারতীয় জনতা পার্টি-র উদ্যোগে আয়োজিত এই জনসংযোগ অভিযানে বিধায়ক স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে জেলা ও মন্ডলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান রায় সহ মন্ডল সম্পাদক, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং দলের অন্যান্য কর্মী-সমর্থকেরা।
জানা গিয়েছে, আসন্ন ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-কে সামনে রেখে ইতিমধ্যেই মাঠে নেমেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে এই জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে অবগত হন বিধায়ক এবং সেগুলি সমাধানের আশ্বাস দেন।