পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ কর্মসূচি জোরদার করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে খড়গপুর শহরে চা-চক্র, পথসভা ও দেওয়াল লিখনের মাধ্যমে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এদিন খড়গপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডে বিজেপির চিহ্নিত করা দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ তোলেন তিনি। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রবীর ঘোষ সেই দেওয়াল মুছে নিজেদের প্রচার লিখন শুরু করেছিলেন। পরে নিজেই সেখানে বিজেপির দেওয়াল লিখন করেন দিলীপ ঘোষ।
পথসভা ও জনসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। দিলীপ ঘোষ অভিযোগ করেন, খড়গপুর শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে এবং তার পেছনে পুলিশের ভূমিকা রয়েছে। তাঁর দাবি, “পুলিশ খড়গপুর শহরে গুন্ডা তৈরি করছে এবং রাজনৈতিক দল ক্ষমতায় থেকে সেই পরিস্থিতিকে প্রশ্রয় দিচ্ছে। আমাদের লক্ষ্য খড়গপুরকে আবার শান্ত পরিবেশে ফিরিয়ে আনা।”
গ্যাস সংকট প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে, কিন্তু কালোবাজারি রুখতে নজরদারি প্রয়োজন। তিনি অভিযোগ করেন, এই সংকট শাসক দলের মদতেই তৈরি হচ্ছে।
এছাড়াও বিরোধী শিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি ও সংসদে অপসারণ নোটিশ প্রসঙ্গে কটাক্ষ করেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, সাংবিধানিক ইস্যুকে সামনে রেখে প্রতিবাদ করে কেউ লাভবান হয়নি, বরং এতে বিরোধীদেরই রাজনৈতিক ক্ষতি হবে।
তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট প্রসঙ্গেও তিনি কটাক্ষ করে বলেন, “যে তৃণমূল রাষ্ট্রপতি রাজ্যে এলে দেখা করে না, তারা আবার দিল্লিতে কোন মুখে অ্যাপয়েন্টমেন্ট চায়।”
Categories
বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে বিজেপি নেতা দিলীপ ঘোষ, সরব রাজ্য সরকারের সমালোচনায়।