মালদা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফের এক বিএলওর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা জেলায়। মৃতের নাম আবুল বরকত। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক এবং সুজাপুর বিধানসভার বামুনগ্রাম এলাকার ১৫৩ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর (ভোটার তালিকা সংশোধন) সংক্রান্ত কাজের চাপের মধ্যে ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোররাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন আবুল বরকত। তাঁকে দ্রুত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আত্মীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বুথে প্রায় ৫৭৯ জন ভোটারের নাম বিচারাধীন অবস্থায় ছিল। সেই সমস্ত নথি যাচাই করে কর্তৃপক্ষকে বোঝানোর চাপ ছিল তাঁর উপর। পাশাপাশি যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে, তাদের একাংশ বাড়িতে এসে তাঁকে হুমকি দিত বলেও অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থেকে সারারাত জেগে কাজ করতে হত তাঁকে। অতিরিক্ত মানসিক চাপ ও পরিশ্রমের জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে তাঁদের অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে।
Categories
মালদায় আরও এক বিএলওর মৃত্যু, এসআইআর-এর চাপের অভিযোগ পরিবারের।