Categories
বিবিধ

বৌভাতের আগে রক্তদান শিবির, মানবিক উদ্যোগে নজির বালুরঘাটে।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: বিয়ে বাড়ি মানেই সাধারণত হইহুল্লোড়, গান-বাজনা ও ভুরিভোজ। কিন্তু তার সঙ্গে মানবিক উদ্যোগ জুড়ে এক অন্য নজির গড়ল বালুরঘাট। বুধবার বৌভাতের অনুষ্ঠানের আগে রক্তদান ও থ্যালাসেমিয়া শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়।
নবপ্রভাত সংঘ এলাকায় অনুষ্ঠিত এই শিবিরে বিয়ে বাড়িতে আসা বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনরাও রক্তদানে অংশ নেন। রক্তদাতাদের মধ্যে ছিলেন খোদ বর সৌরভ রায়। যদিও ইচ্ছে থাকলেও ওজনের কারণে নববধূ ববিতা মাহাতো রক্তদান করতে পারেননি।
বিয়ের মণ্ডপের পাশেই এদিন শোনা যায় মানবতার বার্তা বহনকারী স্লোগান— “রামের রক্তে রহিম বাঁচুক, যীশুর রক্তে রাম।”
পথের দিশা সংস্থার পরিচালনায় এবং ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনেশন সোসাইটি-র সহযোগিতায় অনুষ্ঠিত এই শিবিরে মোট ১২ জন রক্তদান করেন। পাশাপাশি থ্যালাসেমিয়া পরীক্ষারও ব্যবস্থা করা হয়।
বর সৌরভ রায় জানান, “বিবাহ বন্ধনের সঙ্গে রক্তের বন্ধনের বার্তা দিতেই এই উদ্যোগ। এই সময় জেলায় প্রায়ই রক্ত সংকট দেখা দেয়। দক্ষিণ দিনাজপুর জেলায় ৫০০-রও বেশি থ্যালাসেমিয়া রোগীর প্রতি মাসে রক্তের প্রয়োজন হয়। বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করলে ভবিষ্যৎ প্রজন্ম এই মারণ রোগ থেকে মুক্ত থাকতে পারে।”
নববধূ ববিতা মাহাতো বলেন, “নতুন জীবন শুরু করার মুহূর্তে চাই মানুষ বাঁচুক। কুষ্টি বিচার হোক বা না হোক, থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।”
এই অভিনব উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *