Categories
বিবিধ

বালুরঘাট স্টেশনে সিলিং বোর্ড ভেঙে পড়ার অভিযোগ, নিম্নমানের কাজ নিয়ে বিতর্ক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ চলাকালীন হঠাৎ সিলিং বোর্ড ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট রেলওয়ে স্টেশন এলাকায়। একের পর এক সিলিং বোর্ড ভেঙে পড়ার অভিযোগ ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি নিম্নমানের কাজের অভিযোগ তুলে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।
জানা গিয়েছে, এই স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে কেন্দ্রের অমৃত ভারত স্টেশন প্রকল্প-এর আওতায়। সেই প্রকল্পের অংশ হিসেবেই স্টেশনের প্রবেশদ্বারের উপরে সিলিং বোর্ড বসানো হয়েছিল।
কিন্তু অভিযোগ, বসানোর কিছুদিনের মধ্যেই উপর থেকে একের পর এক সিলিংয়ের অংশ ভেঙে পড়তে শুরু করেছে। এতে স্টেশনে আসা যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র প্রায় এক মাস আগে এই সিলিং লাগানো হয়েছিল। এত অল্প সময়ের মধ্যেই তা ভেঙে পড়ায় নির্মাণকাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই এই ঘটনা ঘটছে।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *