আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের লোকসংস্কৃতি ও জনজাতি ঐতিহ্যকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকার কাঁঠালবাড়ি মোড়ে শুরু হতে চলেছে ১৫তম বর্ষের লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা। আগামী ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত চারদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের প্রাচীন জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস, জীবনধারা ও সংস্কৃতিকে তুলে ধরা এবং উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া সংগীতকে জনপ্রিয় করে তুলতেই প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। এ বছর সেই অনুষ্ঠানের ১৫তম বর্ষ উদযাপন করা হবে।
মেলার প্রথম দিন লোকশিল্পীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি চারদিন জুড়ে থাকবে বিভিন্ন লোকসংস্কৃতি নির্ভর অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা এবং নানা সাংস্কৃতিক কর্মসূচি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিশিষ্ট সংগীতশিল্পী বনশ্রী বিশ্বাস-এর সঙ্গীতানুষ্ঠান।
বর্তমানে মেলাকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরকদমে চলছে। আয়োজকদের আশা, প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক দর্শক ও সংস্কৃতি অনুরাগীর উপস্থিতিতে মুখর হয়ে উঠবে এই লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা।
Categories
জটেশ্বরে শুরু হচ্ছে ১৫তম লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা।