Categories
বিবিধ

অগ্নিকাণ্ডে পুড়ল সাইকেল, ধান ও কাপড়চোপড়, ক্ষয়ক্ষতি ফালাকাটায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটার জটেশ্বরের বেংকান্দি গ্রামে গভীর রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার রাত গভীর হতেই আচমকাই আগুন লাগে স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায়ের বাড়িতে। প্রথমে বাড়ির একাংশ থেকে আগুনের শিখা দেখেন পরিবারের সদস্যরা। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আতঙ্কে চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দারা বালতি ও পাইপের সাহায্যে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পাঠানো হয় জটেশ্বর ফাঁড়ি এবং বীরপাড়া দমকল কেন্দ্রে। তবে দমকল পৌঁছানোর আগেই গ্রামবাসীদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ৩টি সাইকেল, বাড়িতে মজুত ধান, কাপড়চোপড়-সহ বহু গৃহস্থালির সামগ্রী। হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিদ্যুৎ সংযোগ থেকে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *