পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা হাই রোড সংলগ্ন দোকানগুলো তুলে দেওয়ার নোটিশ ধরিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ২০০২ সালে মেচেদায় যখন রাস্তা সম্প্রসারণ ও ওভারব্রিজ হয় তখন ওই সমস্ত দোকানগুলি তারা তুলে নিয়েছিল। পরে জনগণের চলাচলের অসুবিধা হবে না,সেই রকম ভাবে পুনরায় দোকানগুলি বসেছিল। এখন রাস্তা সম্প্রসারণের কোন পরিকল্পনা নেই। জনগণের চলাচলেরও কোন অসুবিধা হচ্ছে না। বরং দোকানগুলি থাকার ফলে অনেক রাত পর্যন্ত মানুষ নিরাপদে যাতায়াত করতে পারছে। অসামাজিক কোন ঘটনা ঘটছে না। রাজ্যে পালা বদলের পর এই উচ্ছেদের নোটিশ দেওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের সংসার চলবে কি করে। পুনর্বাসন না দিয়ে তাদের উচ্ছেদ করা চলবে না এই দাবীতে মঙ্গলবার অল ইন্ডিয়া ইউ টি ইউ সি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল হয় ।
সারা বাংলা হকার ইউনিয়নের সভাপতি মধুসূদন বেরা বলেন, ২০১৪ সালের হকার আইন কার্যকরী করে সমস্ত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে।যেমনভাবে তমলুকের হাসপাতাল মোড়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। তেমনি ভাবে মেচেদা সহ সর্বত্র পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা চলবে না। তা নাহলে হকাররা তাদের পরিবার পরিজনদের নিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হতে বাধ্য হবেন এবং ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।