মালদা-বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা : – ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া বৈষ্ণবনগরের নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ অবশেষে উদ্ধার হলো। দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার চরম উৎকণ্ঠা ও তল্লাশির পর, আজ দুপুর ১টা ২০ মিনিট নাগাদ নদী থেকে তাঁর নিথর দেহটি উদ্ধার করা সম্ভব হয়। এই মর্মান্তিক পরিণতির খবর পৌঁছানো মাত্রই মৃতের পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল চারজন স্কুল ছাত্র স্কুলে না গিয়ে তারা ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে যায় এবং সেখানে স্নান করতে নেমে স্নান করার একপর্যায়ে আচমকাই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় তিন জন ছাত্র। স্থানীয়দের সহযোগিতাই তিনজনের মধ্যে দুই জন কে কোনো রকমে উদ্ধার করা গেলেও চোখের পলকে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় অষ্টম শ্রেণীর ছাত্র শাহিন আকতার ।
নিখোঁজ হয়ে যাওয়া ওই ছাত্রের বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত কৃষ্ণপুর অঞ্চলের মালেক মোড় গ্রামে। গতকাল ঘটনার পর থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নদীতে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু গতকাল সারাদিন চেষ্টা করেও তাঁর কোনো হদিশ মেলা সম্ভব হয়নি
অবশেষে আজ দুপুর ১টা ২০ মিনিট নাগাদ নদী থেকে ওই ছাত্রের দেহটি উদ্ধার করা হয়। দীর্ঘ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পরিবারের মানুষ যে ক্ষীণ আশা বুকে বেঁধে রেখেছিলেন, দেহটি উদ্ধারের পর তা নিমেষেই বিষাদে পরিণত হয়।
এই অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবর পৌঁছাতেই সমগ্র বৈষ্ণবনগর থানা এলাকায় এখন শুধুই স্তব্ধতা আর গভীর শোকের আবহ।
Categories
গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রের দেহ উদ্ধার।