বড়নগর, নিজস্ব সংবাদদাতা :- শনিবার বড়নগরের মল্লিক কলোনি সংলগ্ন বিটি রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই খুদে স্কুল পড়ুয়া। একটি স্কুটিকে পিছন থেকে লরি ধাক্কা মারলে স্কুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইবোনের।
মৃতরা হল আরাধ্যা সাউ (৮), ডানলপের খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং আরভ সাউ (৫), একই স্কুলের ইউকেজি-র ছাত্র। দুর্ঘটনার সময় স্কুটি চালাচ্ছিলেন তাঁদের বাবা অভিষেক সাউ। তিনি গুরুতর আহত হন। তাঁর একটি পা ভেঙে যায়। প্রথমে তাঁকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের বাড়ি চালতাবাগান এলাকায়, ইউনাইটেড ব্যাংকের পাশেই বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বড়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে প্রোমোটারদের ফেলে রাখা পাথরের স্তূপের কারণে ওই অংশে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ।
Categories
বড়নগরে হৃদয়বিদারক পথ দুর্ঘটনা, দুই ভাইবোনের মৃত্যু, গুরুতর আহত বাবা।