Categories
বিবিধ

অচল সৌরচালিত স্ট্রিট লাইটে ভোগান্তি, দ্রুত সমাধানের দাবিতে সরব গ্রামবাসী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতের সোনামুই এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক সৌরচালিত স্ট্রিট লাইট বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে রাতের অন্ধকারে চলাচলে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। স্থানীয়দের দাবি, দাসপুর-২ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে অতীতে এমএলএ ও এমপি তহবিলের মাধ্যমে এলাকায় একাধিক স্ট্রিট লাইট বসানো হয়েছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সেগুলির অধিকাংশই অচল। সোনামুই এলাকায় বসানো প্রায় পাঁচটি স্ট্রিট লাইটও দীর্ঘদিন ধরে জ্বলছে না।
বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতে জানালে বলা হয়, যেহেতু লাইটগুলি এমএলএ বা এমপি তহবিলের মাধ্যমে বসানো হয়েছে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই রক্ষণাবেক্ষণের দায়িত্ব। অন্যদিকে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বিষয়টি আলোচনা করার পরামর্শ দেওয়া হয়। ফলে সমস্যার সমাধান না হয়ে দায়িত্ব নিয়ে টানাপোড়েনই সামনে আসছে বলে অভিযোগ। স্থানীয়দের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থাকলেও সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে সেই অর্থ কেন ব্যবহার করা হচ্ছে না। তাঁদের দাবি, দ্রুত বিকল স্ট্রিট লাইটগুলি মেরামত করে এলাকার নিরাপত্তা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *