Categories
বিবিধ

অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ, যোগ্য পরিবারগুলিকে দ্রুত টাকা দেওয়ার দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – শেষ দিনেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে ইংলিশবাজার পৌরসভায় বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভা চত্বরে ভিড় জমতে শুরু করে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পরিষেবা পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারী মহিলাদের।
মহিলাদের দাবি, তাঁদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কারও স্বামী সবজি বিক্রি করেন, আবার কেউ ফুটপাতে ছোট দোকান করে সংসার চালান। অনেকেরই টালির বাড়ি। এরপরও অন্নপূর্ণা যোজনার টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকছে না। কেন টাকা পাচ্ছেন না, তা জানতে পৌরসভায় এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, টাকা না ঢোকার কারণ হিসেবে অনেকের পরিবারের বাড়িতে তিনটি ঘর থাকার কথা দেখানো হচ্ছে। তাঁদের প্রশ্ন, একটি পরিবারের সদস্য সংখ্যা যদি ৮ থেকে ১০ জন হয়, তাহলে কি সবাইকে একটি ঘরেই থাকতে হবে? বাড়িতে কয়েকটি ঘর থাকলেই যে পরিবারের আর্থিক অবস্থা ভালো, এমনটা নয় বলেই দাবি তাঁদের।
এই সমস্ত অভিযোগ তুলে এদিন ইংলিশবাজার পৌরসভায় ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে পৌরসভা চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মহিলাদের দাবি, প্রকৃত আর্থিক পরিস্থিতি যাচাই করে যোগ্য প্রত্যেক পরিবারকে দ্রুত অন্নপূর্ণা যোজনার সুবিধা দিতে হবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *