Categories
বিবিধ

পদযাত্রা শেষে পথসভায় তুমুল সংঘর্ষ, কেশপুরে মুখোমুখি বিজেপির আদি ও নব্য গোষ্ঠী।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন থাক বা না থাক, ভোটের আগে হোক কিংবা পরে—রাজনৈতিক উত্তেজনার কারণে বারবারই শিরোনামে উঠে আসে কেশপুর। এবার তৃণমূল বা সিপিএম নয়, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। জানা গিয়েছে, রবিবার কেশপুরের ১১ নম্বর অঞ্চলের চাঁদচোখ বুথে বিজেপির তরফে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে সেখানে পথসভারও আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই সময় আচমকাই বিজেপির অপর গোষ্ঠীর সদস্যরা হামলা চালায়। বাঁশ, লাঠি ও পাথর নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। হাতাহাতিতে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির নেতা অজয় প্রধানের অভিযোগ, “৪ তারিখের পর কেশপুরে নব্য বিজেপিরা সন্ত্রাস চালাচ্ছে। এদের জন্য আদি বিজেপির কর্মীরা কাজ করতে পারছেন না।”
অন্যদিকে, বিজেপি নেতা তনময় ঘোষের পাল্টা অভিযোগ, “কিছু নাম-ভাঙানো বিজেপি অত্যাচারী তৃণমূলীদের সঙ্গে নিয়ে গন্ডগোল করছে।” ফলে একই দলের দুই গোষ্ঠীর পরস্পরবিরোধী অভিযোগকে কেন্দ্র করে আরও বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এই দিকে, এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মোঃ রফিক। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। সব মিলিয়ে, কেশপুরে এবার বিরোধী দলের সঙ্গে সংঘর্ষ নয়, বিজেপিরই আদি ও নব্য গোষ্ঠীর সংঘাতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *