Categories
বিবিধ

‘অপহরণ করে জমি রেজিস্ট্রি’র অভিযোগ, ফের জবরদখল ঘিরে হামলায় চাঞ্চল্য মালদায়।

মালদা, নিজস্বসংবাদদাতা:— জমি দখলে বাধা দিতে গিয়ে অভিযুক্ত জমি মাফিয়াদের হামলায় জখম হলেন দুই মহিলা-সহ এক যুবক। আহত দুই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি এলাকায়। আহতরা হলেন তালগাছি এলাকার বাসিন্দা ছবি দাস (৪৫), কুন্তি দাস (৬৫) এবং প্রতিবন্ধী যুবক উৎপল চন্দ্র দাস। ঘটনার জেরে ভৈরবপুরের বাসিন্দা কালাম আলি, তালগাছির অসীম দাস ও পবিত্র দাস, হরদমনগরের ফটিক দাস-সহ মোট ১২ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পর থেকে অভিযুক্তরা পলাতক বলে দাবি পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে উৎপল চন্দ্র দাসের বাবা লালচন দাসকে অপহরণ করে তিন দিন আটকে রাখার পর অভিযুক্ত কালাম আলি, পবিত্র দাস ও ফটিক দাস ৪ বিঘা ১২ কাঠা জমি জোরপূর্বক রেজিস্ট্রি করিয়ে নেয় বলে অভিযোগ। পরিবারের দাবি, বুধবার সকালে অভিযুক্তরা ওই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে বাধা দিলে তাঁদের উপর চড়াও হয় অভিযুক্তরা। অভিযোগ, ছবি দাস ও কুন্তি দাসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। তাঁদের বাঁচাতে গেলে উৎপল চন্দ্র দাসকেও মারধর করা হয়। আহত উৎপল চন্দ্র দাস বলেন, আমার বাবাকে অপহরণ করে জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয়েছে। ওই জমির মধ্যে আমারও ১৬ কাঠা জমি রয়েছে। এদিন জবরদখল করে চাষ করার চেষ্টা হলে বাধা দিতে গিয়ে আমার মা ও মাসি আক্রান্ত হন। তাঁদের বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়। ঘটনার পর আহতদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *