পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- Jogardanga Gram Panchayat-এ সাধারণ মানুষের পরিষেবা ও উন্নয়নমূলক কাজ সচল রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিল বিজেপি কর্মীরা। বুধবার দুপুরে গড়বেতা ২ নম্বর ব্লকের ১০ নম্বর জোগাড়ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত প্রধান গণেশ দত্তকে তাঁর নিজের আসনে বসান বিজেপির নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বেশ কিছু তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান নিয়মিত অফিসে আসছেন না বলে অভিযোগ উঠেছে। ফলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছিল বলে দাবি এলাকাবাসীর।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিক রাখতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
এদিন গড়বেতা বিধানসভা কেন্দ্রের ৪ নম্বর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক অরুণ কুমার সিংহ বলেন, “আগামী দিনে গ্রাম পঞ্চায়েত প্রধানের যাতে কোনও কাজ করতে অসুবিধা না হয়, সেই বিষয়েও বিজেপি কর্মীরা নজর রাখবেন।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।