Categories
বিবিধ

টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, কলাগ্রামের বিস্তীর্ণ আমন ধানের জমি জলের তলায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর কলাগ্রাম অঞ্চলের একাধিক গ্রামে। জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। জলের তলায় চলে গিয়েছে একাধিক কৃষিজমি। এর ফলে আমন ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কলাগ্রাম অঞ্চলের ভীমপুর, রঘুনাথপুর,কানপুর, গাইঘাটা,ভোলসরাপোতা, সরতপুর সহ প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার এলাকার বিভিন্ন প্রান্তে দেখা যায় জলমগ্ন পরিস্থিতি। বহু জমিতে ফসলের উপর দিয়ে জল বইছে।
অতি বৃষ্টির জেরে বুড়িগঙ্গা নদীর জলস্তর বেড়ে যাওয়াকেই এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে জানিয়েছেন স্থানীয়রা। নদীর জল উপচে পড়ায় নিম্নাঞ্চলগুলিতে দ্রুত জল ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় ব্লক প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জলমগ্ন এলাকাগুলির পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বৃষ্টির পরিমাণ ও নদীর জলস্তর আরও বাড়লে পরিস্থিতি যাতে আরও অবনতি না হয়, সে বিষয়েও প্রশাসনের তরফে সতর্ক নজর রাখা হয়েছে।
টানা বৃষ্টি ও জলমগ্নতার জেরে একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, তেমনই কৃষিজমিতে জল ঢুকে পড়ায় চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরাও।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *