Categories
বিবিধ

ডোমজুড়ের সাপুঁইপাড়ায় জমা নোংরা জলে অতিষ্ঠ বাসিন্দারা, পথ অবরোধে ক্ষোভ প্রকাশ।

ডোমজুড়, নিজস্ব সংবাদদাতা:- ডোমজুড় বিধানসভার সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের ২৮২ নম্বর বুথে দীর্ঘদিন ধরে নোংরা, দুর্গন্ধযুক্ত জমা জলের সমস্যায় চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। এলাকার এই গলিটি সকলের কাছে ‘উড়িয়া কচুরির দোকান গলি’ নামেই পরিচিত। প্রতিদিন ছোট থেকে বড় সকলকেই এই নোংরা জল পেরিয়ে স্কুল, অফিস এবং অন্যান্য জরুরি কাজে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বারবার পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান করা হয়নি। শুধু আশ্বাস দেওয়া হয়েছে—“করে দেবো”, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। বাসিন্দাদের আরও অভিযোগ, এই গলিতে কীভাবে একের পর এক ফ্ল্যাট তৈরির অনুমতি দেওয়া হলো, যেখানে জল নিকাশের কোনো সঠিক ব্যবস্থা নেই। ফ্ল্যাটের বর্জ্য জল জমে পুরো এলাকা আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। অবশেষে বাধ্য হয়ে আজ এলাকাবাসী একত্রিত হয়ে কিছু সময়ের জন্য পথ অবরোধ করেন এবং প্রতিবাদে সরব হন। তাদের স্পষ্ট হুঁশিয়ারি—আগামী কয়েক দিনের মধ্যে রাস্তার সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং পঞ্চায়েত ঘেরাও করা হবে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে এই বুথের পঞ্চায়েত সদস্য এলাকায় উপস্থিত নেই।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *