Categories
বিবিধ

পদযাত্রা ঘিরে বচসা থেকে হাতাহাতি, কেশপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী সংঘাত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের রাজনৈতিক মানচিত্রে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বরাবরই রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের ১০০ দিন পূর্তির মধ্যেই বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। আদি ও নব্য বিজেপির দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির ঘটনায় নাম জড়িয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অজয় কৃষ্ণ প্রধানেরও।

অজয় কৃষ্ণ প্রধানের অভিযোগ, সোমবার বিকেলে কেশপুরের চার নম্বর গোলার অঞ্চলের কোনান গ্রামে ডবল ইঞ্জিন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি।

অভিযোগ, সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া কয়েকজন কর্মী ওই পদযাত্রা ও পথসভা করতে বাধা দেন। অজয় কৃষ্ণ প্রধানের দাবি, “চার তারিখের পর যারা বিজেপির ঝান্ডা ধরেছে”, তারাই কর্মসূচিতে বাধা দেয়। বিষয়টির প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে গড়ায়।

এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলের অভ্যন্তরীণ এই কোন্দলের কথা ইতিমধ্যেই বিজেপির উচ্চ নেতৃত্ব এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি করেছেন জেলা সহ-সভাপতি অজয় কৃষ্ণ প্রধান।

রাজ্যে বিজেপির ১০০ দিন পূর্তির কর্মসূচিকে ঘিরে যখন দলের নেতা-কর্মীরা সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময় কেশপুরে দলের অন্দরের এই গোষ্ঠীদ্বন্দ্ব নতুন করে অস্বস্তি বাড়াল বিজেপির অন্দরমহলে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *