Categories
বিবিধ

মোথাবাড়ি সিনেমা হলের কাছে আগুনে পুড়ল চালের গাড়ি, ছুটল দমকল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত মোথাবাড়ি সিনেমা হল সংলগ্ন এলাকায় চাল বোঝাই একটি গাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি এলাকার একটি চালের গোডাউনে মাল আনলোড করতে যাচ্ছিল। তবে গোডাউনের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ গাড়িটিতে শর্ট সার্কিট হয় বলে দাবি চালকের। এরপর মুহূর্তের মধ্যেই গাড়ির চালকের কেবিনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

ঘটনা দেখতে এলাকায় ভিড় জমে যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী। পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *