মালদা, নিজস্ব সংবাদদাতা:- আর্থিক অনটন, বাবার পরিযায়ী শ্রমিকের কাজ এবং মায়ের দিনমজুরির মধ্যেও মাধ্যমিকে ৬৭০ নম্বর পেয়ে এলাকায় নজির গড়েছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের উত্তর ভাটরা কলোনির বাসিন্দা রাকেশ কোল। আদিবাসী পরিবারের এই মেধাবী ছাত্রের সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকায়। রাকেশের বাবা Khokha Kol পেশায় পরিযায়ী শ্রমিক এবং মা Rekha Kol সংসারের পাশাপাশি চাষের জমিতে কাজ করেন। তিন ভাইয়ের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই পড়াশোনা চালিয়ে এই সাফল্য অর্জন করেছে রাকেশ। সে Old Malda-র গোটপাড়া এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। ফল প্রকাশের পর বিদ্যালয়ে তাকে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং মিষ্টিমুখের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক Ananda Hazra রাকেশকে শুভেচ্ছা জানান এবং সরকারের কাছে এই ধরনের মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ানোর আবেদন করেন। রাকেশ জানিয়েছে, ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়। তবে পরিবারের আর্থিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। তাই সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে রাকেশ ও তার পরিবার। স্থানীয় মানুষজনও এই মেধাবী ছাত্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।