Categories
বিবিধ

ভোটের নয় দিন পরও অশান্তির আবহ, ফের উত্তপ্ত চুঁচুড়া।

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- চুঁচুড়ায় ভোট-পরবর্তী অশান্তি থামার নাম নেই। ফলাফল প্রকাশের নয় দিন পরেও উত্তেজনা অব্যাহত শহরের বিভিন্ন এলাকায়। বুধবার গভীর রাতে ফের আতঙ্কের ঘটনা ঘটল চুঁচুড়ার ২২ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৌমিত্র ঘোষ ওরফে রামুর বাড়ির দোতলা লক্ষ্য করে দুষ্কৃতীরা পাথর ছোড়ে। ঘটনায় ভেঙে যায় জানালার কাঁচ। সেই সময় জানালার পাশের খাটে ঘুমিয়ে ছিল সৌমিত্রর সাত বছরের কন্যা। আচমকা বিকট শব্দে ঘুম ভেঙে যায় শিশুটির। আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে সে।
পরিবারের দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই লাগাতার ভয়ের মধ্যে দিন কাটছে তাঁদের। সৌমিত্র ঘোষ জানান, এর আগেও একবার তাঁদের বাড়িতে পাথর ছোড়া হয়েছিল। সেবার লোহার গ্রিল থাকায় বড় ক্ষতি হয়নি। কিন্তু এবার সরাসরি কাঁচ ভেঙে গিয়েছে। তাঁর কথায়, “এভাবে চলতে থাকলে আমাদের ঘরছাড়া হতে হবে। গোটা পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।”
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সৌমিত্র ঘোষের বাড়িতে পৌঁছন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অসিত মজুমদার। সেখান থেকেই তিনি চুঁচুড়া থানায় ফোন করে গোটা বিষয়টি জানান। পাশাপাশি সৌমিত্র ঘোষকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।
অসিত মজুমদার বলেন, “বিজেপির সভাপতি থেকে মুখ্যমন্ত্রী— সকলেই অশান্তি বরদাস্ত না করার কথা বলছেন। তারপরেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে। প্রশাসনের কাছে আমার আবেদন, যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
অন্যদিকে, ঘটনাকে ঘিরে ভিন্ন সুর শোনা গিয়েছে চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ-এর গলায়। তিনি দাবি করেন, সৌমিত্র ঘোষের নিজের এলাকাতেই গ্রহণযোগ্যতা নেই। কয়েকদিন আগেই তাঁর পার্টি অফিস দখল হয়ে গিয়েছিল বলেও অভিযোগ করেন বিধায়ক। সুবীর নাগের বক্তব্য, “আমি নিজে পার্টি অফিস খুলতে গিয়েছিলাম। তখন এলাকার মানুষ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। আমার মনে হয় এটা হয় গোষ্ঠীদ্বন্দ্ব, নয়তো নিজের লোক দিয়েই ভাঙচুর করিয়ে হাইলাইট হওয়ার চেষ্টা করা হচ্ছে।”
তবে একই সঙ্গে বিধায়কও জানান, বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। তাঁর বক্তব্য, “প্রকৃত বিজেপি কর্মীরা এই ধরনের কাজ কখনও করতে পারেন না।”
ভোট-পরবর্তী উত্তেজনার আবহে ফের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়া শহরে। রাজনৈতিক চাপানউতোরের মাঝখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share This
Categories
বিবিধ

নির্বাচনী জয়ের উচ্ছ্বাসে পথে নামলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪০ নম্বর বুথে বিজেপির উদ্যোগে আয়োজিত হল বিজয় মিছিল। নির্বাচনী জয়ের আনন্দে এদিন গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে অংশ নেন বহু দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। দলীয় পতাকা, স্লোগান এবং ঢাক-ঢোলের তালে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়। মিছিলটি জটেশ্বর বাজার স্কুল পাড়া সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, মানুষের আশীর্বাদ ও সমর্থনেই এই জয় এসেছে। সেই আনন্দ ভাগ করে নিতেই এই বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, রাতে কর্মী-সমর্থকদের জন্য মাছ-ভাতের আয়োজন করা হয়েছে।

Share This
Categories
বিবিধ

নদীর চর থেকে অবৈধ বালি তোলার অভিযোগে পুলিশের অভিযান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ধনীরামপুর দুই নম্বর অঞ্চল এলাকায় অবৈধ বালি পাচার রুখতে এবার রীতিমতো রাফ অ্যান্ড টাফ মুডে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার আচমকা অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্র্যাক্টর আটক করার পাশাপাশি চালককেও পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদীর চর থেকে দেদার অবৈধভাবে বালি তোলা ও পাচারের অভিযোগ পেয়েই এদিন হঠাৎ অভিযান চালায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। অভিযানের সময় একটি বালি বোঝাই ট্র্যাক্টর ও চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশের এই কড়া পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দারা। এই বিষয়ে জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানিয়েছেন, “শুক্রবার ধৃত ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, “অবৈধ বালি পাচারের বিরুদ্ধে কোনওরকম আপস করা হবে না। যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনেও ধারাবাহিকভাবে অভিযান চলবে।”

Share This
Categories
বিবিধ

বিজয় মিছিলে স্লোগান-আবিরে সরগরম ফালাকাটার ১৩/৬৩ নম্বর বুথ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/৬৩ নম্বর বুথে বিজেপির উদ্যোগে আয়োজিত হল বিজয় মিছিল। নির্বাচনে জয়ের উচ্ছ্বাসে এদিন গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকেরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস নজর কাড়ে পথচলতি মানুষেরও। এদিন কর্মী-সমর্থকদের জন্য ঝাল মুড়ির পাশাপাশি মাছ-ভাতেরও আয়োজন করা হয়। একসঙ্গে খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে জয়ের আনন্দ ভাগ করে নেন সকলে। দলীয় নেতৃত্বের দাবি, মানুষের সমর্থনেই এই সাফল্য এসেছে এবং আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করবে বিজেপি।

Share This
Categories
বিবিধ

জমি জট কাটাতে জেলা প্রশাসন-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরেই মালদহে ভারত- বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু। মালদহের জেলাশাসকের দপ্তরের জরুরী বৈঠক। বৈঠকে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ। জেলার কোন কোন এলাকায় জমির অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে পর্যালোচনা প্রশাসনিক বৈঠকে। দ্রুত জমিজট কাটিয়ে অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত বৈঠকে।

উল্লেখ্য, মালদহে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় ১৭২ কিলোমিটার। এরমধ্যে ৩৩ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। এরমধ্যে হবিবপুর এবং বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্তের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া মালদহের ইংরেজবাজার এবং কালিয়াচক-তিন নম্বর ব্লকে বেশ কয়েক কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে।

এরআগে তৃণমূল সরকারের আমলে বেশ কয়েকবার মাপযোক হলেও জমি অধিগ্রহণ বাস্তব রূপ পায়নি। বরং জমি জটে আটকে যায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজ।

এরইমধ্যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী দেড় মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।ওই নির্দেশের প্রেক্ষিতে আজ বিএসএফের শীর্ষ আধিকারিকেরা, মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, কেন্দ্রীয় পূর্তসড়ক বিভাগ কর্তৃপক্ষ বৈঠক করেন। এই বৈঠকে জমি অধিগ্রহণের রূপরেখা চূড়ান্ত করা হয়।

Share This
Categories
বিবিধ

রাজ্যের অষ্টম ও নবম স্থানে মালদার দুই ছাত্র, উজ্জ্বল জেলার মুখ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যের মেধা তালিকায় উজ্জ্বল সাফল্য অর্জন করল মালদহ জেলা। রাজ্যের অষ্টম ও নবম স্থান দখল করে জেলার মুখ উজ্জ্বল করেছে দুই কৃতী ছাত্র। তাঁদের এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা জেলাজুড়ে।
রাজ্যের অষ্টম স্থান অধিকার করেছে মালদহ শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির-এর ছাত্র অরিত্র সাহা। মালদহ শহরের ঝলঝলিয়া দেশবন্ধু পাড়া এলাকার বাসিন্দা অরিত্র উচ্চমাধ্যমিকে মোট ৪৮৯ নম্বর পেয়েছে। ফল প্রকাশের পর থেকেই পরিবার, স্কুল এবং এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
নিজের সাফল্য প্রসঙ্গে অরিত্র জানায়,
“ভাল ফল হবে আশা করেছিলাম, তবে রাজ্যের মেধা তালিকায় স্থান পাব ভাবিনি। নিয়মিত ৬ থেকে ৭ ঘণ্টা পড়াশোনা করতাম। ভবিষ্যতে ইসরোতে গিয়ে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে। ইতিমধ্যেই জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করেছি। আশা করছি স্বপ্ন পূরণ হবে।”
অরিত্রর এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষও। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির-এর প্রধান শিক্ষক স্বামী তপহারানন্দ বলেন,
“প্রতিবছরই আমাদের স্কুলের কোনও না কোনও ছাত্র রাজ্যের মেধা তালিকায় স্থান করে নেয়। এবছর মাধ্যমিকে না হলেও উচ্চমাধ্যমিকে অরিত্র রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে। ওর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত।”
অন্যদিকে, রাজ্যের নবম স্থান অধিকার করেছে সুজাপুর হাই স্কুল-এর ছাত্র মোঃ সাহাবুদ্দিন আলী। বৈষ্ণবনগর থানার ভগবানপুর এলাহিটোলা এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন মোট ৪৮৮ নম্বর পেয়েছে।
তাঁর বাবা সাহিফুদ্দিন আহমেদ পেশায় একজন কৃষক। সাধারণ পরিবারের ছেলে হয়েও সাহাবুদ্দিনের এই অসাধারণ সাফল্য এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তার।
উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় মালদহের দুই ছাত্রের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এবং সুজাপুর হাই স্কুল—দুই বিদ্যালয়ের ছাত্রদের এই কৃতিত্ব আগামী দিনের পড়ুয়াদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা।

Share This
Categories
বিবিধ

মালদায় সীমান্ত সুরক্ষা ইস্যুতে প্রশাসন-বিএসএফ বৈঠক।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫ দিনের মধ্যে জমি জট মেটানোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুরের উপস্থিত শুরু হল বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন মালদার জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আধিকারিকেরা এবং বিএসএফের আধিকারিকেরা।

প্রসঙ্গত মালদার বৈষ্ণবনগর থেকে বামনগোলা পর্যন্ত ১৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত। যার মধ্যে ৩৭ কিলোমিটার সীমান্ত এখনো কাঁটাতার হীন। তৃণমূল সরকার থাকাকালীন বারবার বিএসএফের তরফ থেকে জমির জন্য আবেদন করা হলো সাড়া দেয়নি তৎকালীন রাজ্য সরকার বলে অভিযোগ। এবারে সীমান্ত এলাকার সুরক্ষিত করতে উদ্যোগ নিলো নতুন বিজেপি সরকার।

Share This
Categories
বিবিধ

সালালপুরে পুলিশের হানায় উদ্ধার বহু বোতল বেআইনি মদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ-এর নেতৃত্বে বেআইনি মদ বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ।গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার এএসআই সঞ্জয় বাহাদুর ছেত্রী পুলিশ বাহিনী নিয়ে থানার অন্তর্গত সালালপুর গ্রামে অভিযান চালায়।অভিযানে লক্ষ্মণপুর জাবরা এলাকার বাসিন্দা বিনয় দাস বয়স (৪২)-কে গ্রেফতার করা হয়।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয় ৯০ বোতল হেওয়ার্ডস ৫০০০ বিয়ার, ১৫ বোতল হিমালয়ান ফাটা ফাটি আইএমএফএল, ৩৩ বোতল বাজিগর ৭০ আপ আইএমএফএল এবং একটি নাইলনের ব্যাগ। বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ জানান,বেআইনি মদ বিক্রি ও পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে।গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে।বেআইনি কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Share This
Categories
বিবিধ

নদী পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিখোঁজ দুই শ্রমিক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— জমির ধান কেটে নৌকা বোঝাই করে টাঙ্গন নদী পেরোতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। নদীতে তলিয়ে গেল দুই শ্রমিক। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও সোরগোল তৈরি হল পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকায়। জানা গেছে, মুচিয়া এলাকায় টাঙ্গন নদীর অপর প্রান্তে রয়েছে প্রচুর পরিমাণ ফসলি জমি। সেই জমিতে কৃষকরা ধান চাষ করেছিলেন। তাই বৃহস্পতিবার সাত সকালেই কৃষকরা শ্রমিক লাগিয়ে সেই ধান কেটে নৌকা বোঝাই করে টাঙ্গন নদীর এপারে নিয়ে আসছিলেন। কিন্তু এপারে আসার পথে মারু টাঙ্গন নদীতে বড়সড় বিপত্তিচ ঘটে। হঠাৎ করেই নৌকা নদীতে ডুবে যায়। নৌকায় থাকা শ্রমিকদের মধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে উঠলেও, এখনও পর্যন্ত দুজন শ্রমিকের কোন হদিশ মেলেনি। তাই খোঁজে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে। তবে খবর লেখা পর্যন্ত ওই দুই শ্রমিকের কোন হদিশ মেলেনি বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

জিম থেকে ফেরার পথে যুবককে ঘিরে বেধড়ক মারধরের অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদহ শহরে দুষ্কৃতীদের দাপাদাপি। লোহার রড, উইকেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভর সন্ধ্যায় একেবারে জনবহুল এলাকায় যুবকের ওপর প্রাণঘাতী হামলা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো সেই রোমহর্ষক ছবি। মালদহের ইংলিশ বাজার থানার এক নম্বর গভমেন্ট কলোনি এলাকার ঘটনা। আক্রান্ত যুবক রাতুল গড়াই মালদা শহরের তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী এলাকার বাসিন্দা। লোহার রড এবং উইকেট দিয়ে তাকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত যুবক রাতুল গড়াই অভিযোগ করেন, এক নম্বর গভমেন্ট কলোনি এলাকায় একটি জিমে প্রতিদিন শরীর চর্চা করতে যান তিনি। ঠিক সেই রকমই সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ জিম করে বেড়ানোর সময় একটি স্কুটি এবং একটি মোটর বাইকে ছয় থেকে সাত জন এসে তার ওপর আচমকা প্রাণঘাতী হামলা করে। তাদের হাতে ধারালো রড, উইকেট এবং আগ্নেয়াস্ত্র ছিল। তাকে বেধড়ক মারধর করা হয়। প্রাণে বাঁচাতে জিমের ভেতর ঢুকলে তার সহকর্মীরা ছুটে আসে। অভিযোগ এরপরই হামলাকারীরা পালিয়ে যাই। তাদের প্রত্যেকের মুখ কালো কাপড় দিয়ে বাধা ছিল। ফলে কাউকেই চিনতে পারেননি তিনি। ঘটনায় ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত যুবকের মার অভিযোগ এই ঘটনার পর তারা আতঙ্কিত। বাড়ির বাইরে এখন ছেলে বের হবে কি করে? পুলিশের কাছে অনুরোধ সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হোক। তার ছেলের ওপর কি কারনে বা কারা হামলা করেছে? কিছুই বুঝে উঠতে পারছেন না তারা।
এদিকে ভর সন্ধ্যায় জনবহুল জিমের সামনে এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই শহরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে !

Share This