Categories
বিবিধ

গড়বেতা স্টেশনে ট্রেন দেরি ঘিরে যাত্রীদের ক্ষোভ, রেলের বিরুদ্ধে উঠল উদাসীনতার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা :- দিনের পর দিন চরম অনিয়মিত হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলায় রেলযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতৃষ্ণা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ-পূর্ব রেলের এই গুরুত্বপূর্ণ ট্রেনটির এমন বেহাল দশায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ চাকুরিজীবী থেকে শুরু করে রোগী ও ব্যবসায়ীরা।

আজকে গড়বেতা স্টেশনে হাওড়া আদ্রা রানী শিরোমণি এক্সপ্রেসকে আটকে দিয়ে পুরুলিয়া এক্সপ্রেস পার করা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ​ক্ষুব্ধ এক নিত্যযাত্রী অনু চংদারের কথায়, “আমরা ট্রেনে চড়ছি না পার্কে বেড়াতে এসেছি, তা বুঝতেই পারছি না। এই রুটে এমনিতেই ট্রেন কম, তার ওপর যেগুলো চলে, সেগুলির সময়ের কোনও ঠিকঠিকানা নেই।” যাত্রীদের অভিযোগ, ভোটের আগে অনেক বিধায়ক ও সাংসদ রেলের পরিষেবা নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোট মিটতেই সেইসব প্রতিশ্রুতি কর্পূরের মতো উড়ে গিয়েছে।

​ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, নতুন ট্রেন না দেওয়া হলেও, বর্তমানে যেগুলি চলছে সেগুলি অন্তত ঠিক সময়ে চালানো হোক। রেল প্রশাসনের এই উদাসীনতার বিরুদ্ধে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ অনেক যাত্রীই।

Share This
Categories
বিবিধ

শিক্ষাবিদ থেকে রাষ্ট্রনায়ক—ড. শ্যামাপ্রসাদের বহুমুখী অবদান নিয়ে গড়বেতায় আলোচনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশিত পক্ষকালব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা মহাবিদ্যালয়-এ ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর জীবনী, ব্যক্তিত্ব, নেতৃত্ব ও মূল্যবোধ বিষয়ক এক ভাবগম্ভীর আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অশোক দাস। বক্তব্যের শুরুতেই তিনি আয়োজক মহাবিদ্যালয়কে কৃতজ্ঞতা জানিয়ে অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রী এবং উপস্থিত সকল গুণীজনকে শুভেচ্ছা ও প্রণাম জানান।
বক্তৃতায় তিনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম, শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন এবং জাতীয় জীবনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ১৯০১ সালের ৬ জুলাই স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও যোগমায়া দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ছাত্রজীবনে অসামান্য মেধার পরিচয় দিয়ে তিনি পরবর্তীকালে ১৯৩৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হন।
বক্তৃতায় তিনি আরও উল্লেখ করেন, ১৯৪১ সালে বঙ্গ প্রদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, হিন্দু মহাসভার নেতৃত্ব, বাংলা বিভাজনের সময় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে তাঁর রাজনৈতিক ভূমিকা, স্বাধীনতার পর কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হিসেবে শিল্পোন্নয়নে অবদান, নেহরু-লিয়াকত চুক্তি-র বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা এবং কাশ্মীর ইস্যুতে তাঁর আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি তাঁর বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জাতীয়তাবাদ, নেতৃত্ব, দেশপ্রেম ও মূল্যবোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং ছাত্র-ছাত্রীদের তাঁর আদর্শ থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়বেতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী হরিপ্রসাদ সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী চন্দন নাগ। প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত (HMKP)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং GKC পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি শ্রী অশোক দাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী বরেন্দ্র জানা, অধ্যাপক শ্রী সুশীল কুমার ঘোষ, অধ্যাপক শ্রী দেবাশীষ দণ্ডপাত, সমাজসেবী দীপক দাস-সহ বিশিষ্ট অতিথিবৃন্দ এবং মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক শ্রী সুশান্ত কুমার মণ্ডল।
গড়বেতা মহাবিদ্যালয়ের সেনেট হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও মূল্যবোধ নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা তাঁর শিক্ষাবিদ, রাষ্ট্রনায়ক ও জননেতা হিসেবে অবদান স্মরণ করেন এবং বর্তমান প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।

Share This
Categories
বিবিধ

পশ্চিমবঙ্গ সফরে ওম বিড়লা, প্রশাসনিক কর্মসূচি ঘিরে জোর প্রস্তুতি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্য সফরে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে পৌঁছালেন ওম বিড়লা। কলকাতার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার এবং রাজু বিস্তা।
বিমানবন্দরে লোকসভার স্পিকারকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি সাংসদ তথা দলের মুখপাত্র রাজু বিস্তা তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
লোকসভার স্পিকারের এই রাজ্য সফরে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক কর্মসূচিতে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তাঁর সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আগ্রহের সৃষ্টি হয়েছে।
বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

Share This
Categories
বিবিধ

লিঙ্গ বৈষম্য দূরীকরণে উদ্যোগ, মাধবডিহি হাসপাতালে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ শিবির।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: “ছেলে হোক বা মেয়ে—কেউ কারও থেকে কম নয়”—এই বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার (২ জুলাই) পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি হাসপাতালে এক প্রজেক্টভিত্তিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
মাধবডিহি হাসপাতালের বিএমওএইচ ডাঃ মজিবর রহমানের তত্ত্বাবধানে হাসপাতালের মিটিং হলে আয়োজিত এই শিবিরে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। কর্মসূচিতে লিঙ্গ সমতা, শিক্ষার গুরুত্ব, স্বাস্থ্যবিধি এবং পুষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, দলগত কার্যক্রম এবং গেম-ভিত্তিক শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে তারা সহজ ও আনন্দদায়ক উপায়ে বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে পারে।
আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মাধবডিহি হাসপাতালের সকল দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন এবং শিবির পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Share This
Categories
বিবিধ

রায়না–২ ব্লকে আশা কর্মীদের বিক্ষোভ, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: ২০১০ সালে নিয়োগের পর বাতিল হয়ে যাওয়া আশা কর্মীরা বৃহস্পতিবার (২ জুলাই) পূর্ব বর্ধমান জেলার রায়না–২ ব্লক অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এদিন তাঁরা ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-এর কাছে স্মারকলিপি জমা দিয়ে দীর্ঘদিনের বিভিন্ন দাবি তুলে ধরেন।
আশা কর্মীদের মূল দাবিগুলির মধ্যে ছিল নিয়মিত কাজ ও মজুরি পুনর্বহাল, সরকারি স্বীকৃতি প্রদান এবং দীর্ঘমেয়াদি স্থায়ী কর্মসংস্থানের নিশ্চয়তা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই দাবিগুলি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি।
ডেপুটেশন গ্রহণের পর রায়না–২ ব্লকের বিডিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, আশা কর্মীদের অভিযোগপত্র ও দাবিসংবলিত স্মারকলিপি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। একই আশ্বাস দেন মাধবডিহী ব্লকের স্বাস্থ্য আধিকারিক (BMOH)-ও। তিনিও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।
আশা কর্মীরা জানান, তাঁদের ন্যায্য দাবির দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন স্তরে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।

Share This
Categories
বিবিধ

দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া, বাগুইআটিতে বিজেপির শক্তি প্রদর্শন।

বাগুইআটি, নিজস্ব সংবাদদাতা : দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারের পর রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির নেতৃত্বে বাগুইআটির ভিআইপি রোডে বিজেপির উদ্যোগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশ নেন। দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে স্লোগান ও উচ্ছ্বাসে সরব হয়ে ওঠেন উপস্থিত কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর নিহত বিজেপি কর্মী প্রসেনজিতের মা। বিজেপির অভিযোগ, ভোট-পরবর্তী হিংসার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, দেবরাজ চক্রবর্তীর মদতে, প্রসেনজিতকে খুন করেছিল। যদিও এই অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষ।
পুত্রকে হারানোর পাঁচ বছরের যন্ত্রণা বয়ে বেড়ানো প্রসেনজিতের মা বলেন, দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারে তাঁর দীর্ঘদিনের ক্ষতের কিছুটা হলেও উপশম হয়েছে। তবে তিনি প্রশাসনের কাছে আবেদন জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে তাঁর ছেলে-সহ সমস্ত রাজনৈতিক হিংসার শিকার পরিবার প্রকৃত ন্যায়বিচার পায়।

Share This
Categories
বিবিধ

মমতা–জয়া বৈঠক ঘিরে জল্পনা, কালীঘাটের দাবি—‘এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ’।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:-পালাবদলের পর এই প্রথম কলকাতা সফরে অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির রাজ্য সভার সাংসদ জয়া বচ্ছন। বৃহস্পতিবার কলকাতা আসেন জয়া, পুজো দেন কালীঘাট মন্দিরে, সেখান থেকেই চলে যান কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাস ভবনে, সেখানেই তাকে স্বাগত জানান অভিষেক বন্দোপাধ্যায়। রাজনীতি হোক বা ব্যক্তিগত সম্পর্ক,মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক তার, ২০২১ এর বিধানসভা ভোট তৃণমূলের একাধিক প্রার্থীর হয়ে প্রচারও করেছিলেন জয়া বচ্ছন, তবে আর নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি কালীঘাটের।

Share This
Categories
বিবিধ

মূল্যবৃদ্ধি ও ১০০ দিনের কাজের বকেয়া ইস্যুতে সরব বামেরা, চন্দ্রকোনা রোডে প্রতিবাদ।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম, ১০০ দিনের কাজের বকেয়া মেটানো ও তা পুনরায় চালু করা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলো বামেরা। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা এই পরিস্থিতিকে হাতিয়ার করে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয় সিপিআই(এম)। দলীয় কর্মী-সমর্থকদের স্লোগানে আজ উত্তাল হয়ে ওঠে গোটা শহর।

এদিনের মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মতো। সিপিএম নেতৃত্বের অভিযোগ, রান্নার গ্যাসের দাম গরিব ও মধ্যবিত্তের নাগালের বাইরে। অন্যদিকে, গ্রামীণ অর্থনীতির অন্যতম স্তম্ভ ‘১০০ দিনের কাজ’ বন্ধ থাকায় এবং চাল, ডাল, তেলের মতো নিত্যপণ্যের বাজার আগুন হওয়ায় সাধারণ মানুষের পকেট শূন্য হচ্ছে।

বিক্ষোভ সমাবেশ থেকে বাম নেতা সনৎ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে এই জনবিরোধী নীতি পরিবর্তন ও দাবিদাওয়া পূরণ না হলে আগামী দিনে আরও তীব্র ও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বামেরা।

Share This
Categories
বিবিধ

নাবালিকা নির্যাতনের ঘটনায় প্রতিবাদ মিছিল, মদ নিষিদ্ধের দাবিও তুলল এসইউসিআই।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার জেলার জামালদহে সাত বছরের দ্বিতীয় শ্রেণীতে পাঠরতা নাবালিকাকে ধর্ষণকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে কঠোরতম শাস্তির দাবিতে জামালদহ বাজারে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করল এসইউসিআই (কমিউনিস্ট) দল। উপস্থিত ছিলেন দলের চ্যাংড়াবান্ধা লোকাল কমিটির সদস্য জগদীশ অধিকারী রঞ্জিত কুমার রায়। কবিতা রায় প্রমূখ। এসইউসিআই কমিউনিস্ট দলের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন, জামালদহে সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা আমাদের বিস্মিত এবং ব্যথিত এবং ভীষণভাবে উদ্বিগ্ন করেছে। এই ঘটনা প্রমাণ করছে আমাদের সমাজ ব্যবস্থা কতখানি পচে গেছে। মদের ঢালাও প্রসার এবং টিভি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতার, নগ্ন নারী দেহের যেভাবে ঢালাও প্রসার হচ্ছে তাতে যুবসমাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করছে। তারই পরিণতিতে ঘটছে এই নাবালিকা ধর্ষণের মতো ঘটনা। নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে তিনি কঠোরতম শাস্তির দাবি জানান। পাশাপাশি রাজ্যজুড়ে মদ নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

Share This
Categories
বিবিধ

গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রের দেহ উদ্ধার।

মালদা-বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা : – ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া বৈষ্ণবনগরের নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ অবশেষে উদ্ধার হলো। দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার চরম উৎকণ্ঠা ও তল্লাশির পর, আজ দুপুর ১টা ২০ মিনিট নাগাদ নদী থেকে তাঁর নিথর দেহটি উদ্ধার করা সম্ভব হয়। এই মর্মান্তিক পরিণতির খবর পৌঁছানো মাত্রই মৃতের পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল চারজন স্কুল ছাত্র স্কুলে না গিয়ে তারা ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে যায় এবং সেখানে স্নান করতে নেমে স্নান করার একপর্যায়ে আচমকাই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় তিন জন ছাত্র। স্থানীয়দের সহযোগিতাই তিনজনের মধ্যে দুই জন কে কোনো রকমে উদ্ধার করা গেলেও চোখের পলকে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় অষ্টম শ্রেণীর ছাত্র শাহিন আকতার ।
​নিখোঁজ হয়ে যাওয়া ওই ছাত্রের বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত কৃষ্ণপুর অঞ্চলের মালেক মোড় গ্রামে। গতকাল ঘটনার পর থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নদীতে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু গতকাল সারাদিন চেষ্টা করেও তাঁর কোনো হদিশ মেলা সম্ভব হয়নি
অবশেষে আজ দুপুর ১টা ২০ মিনিট নাগাদ নদী থেকে ওই ছাত্রের দেহটি উদ্ধার করা হয়। দীর্ঘ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পরিবারের মানুষ যে ক্ষীণ আশা বুকে বেঁধে রেখেছিলেন, দেহটি উদ্ধারের পর তা নিমেষেই বিষাদে পরিণত হয়।
​এই অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবর পৌঁছাতেই সমগ্র বৈষ্ণবনগর থানা এলাকায় এখন শুধুই স্তব্ধতা আর গভীর শোকের আবহ।

Share This