Categories
বিবিধ

গ্যাস সংকটে ভোগান্তি মালদা-য়, ডিস্ট্রিবিউটরদের দোকানে দীর্ঘ লাইন।

মালদা, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে গ্যাস সরবরাহে। তার জেরে গ্যাস সংকটের আশঙ্কায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরাও। এমনই পরিস্থিতির ছবি দেখা যাচ্ছে মালদা জেলায়।
জেলার বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরদের দোকানে দেখা যাচ্ছে গ্রাহকদের দীর্ঘ লাইন। অনেকেই অভিযোগ করছেন, বুকিং করলেও সময়মতো গ্যাস সিলিন্ডার মিলছে না। ফলে দৈনন্দিন রান্নাবান্না নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
গ্রাহকদের একাংশের দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণেই গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। শহর ও গ্রামীণ এলাকার বাসিন্দারা বলছেন, গ্যাস না পেলে রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন, পরিস্থিতি এমন থাকলে চরম ভোগান্তিতে পড়তে হবে পরিবারগুলিকে।
এদিকে গ্যাস সংকটের জেরে সমস্যায় পড়েছেন জেলার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরাও। তাঁদের দাবি, বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে তাতে সর্বোচ্চ দু’দিন কাজ চালানো সম্ভব। এরপর গ্যাস না পেলে হোটেল ও রেস্তোরাঁ বন্ধ করার পরিস্থিতি তৈরি হতে পারে।
হোটেল ব্যবসায়ী সংগঠনের মতে, এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জেলার পর্যটন শিল্পও বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে।
অন্যদিকে গ্যাসের অভাব ঘিরে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে ডিস্ট্রিবিউটরদের কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *