Categories
বিবিধ

ফাইল জমে স্তূপ, কাজকর্মে অচলাবস্থা—মালদা ডিপিএসসিতে চরম বিশৃঙ্খলা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- District Primary School Council-এর চেয়ারম্যান পদ থেকে এখনও পদত্যাগ না করায় বিতর্কে বাসন্তী বর্মন। রাজ্য সরকারের নির্দেশ জারির পরও তিনি দায়িত্বে বহাল থাকায় মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাজকর্ম কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক মলয় মণ্ডলের দাবি, চেয়ারম্যানের ঘর দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে এবং গুরুত্বপূর্ণ বহু ফাইল জমে পড়েছে। বহু শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন কাজের জন্য অফিসে এসে ফিরে যাচ্ছেন বলেও অভিযোগ। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও বাসন্তী বর্মনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানান তিনি।

মলয় মণ্ডল জানান, ১১ তারিখে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ আসে বিভিন্ন সরকারি পদে থাকা ব্যক্তিদের পদত্যাগের বিষয়ে। সেই নির্দেশ শিক্ষা দপ্তরের মাধ্যমে জেলাগুলিতেও পাঠানো হয়। তাঁর অভিযোগ, সেই নির্দেশ সত্ত্বেও মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এখনও পদত্যাগ করেননি।

জানা গিয়েছে, মালদা জেলায় মোট ১৯৯২টি প্রাথমিক স্কুল এবং প্রায় ৯০৮৫ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ফলে প্রশাসনিক কাজকর্মে অচলাবস্থার প্রভাব পড়ছে শিক্ষাক্ষেত্রেও।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, “আমরা কাউকে জোর করে চেয়ার থেকে নামাব না। মানুষই ঠিক করবে কে কোথায় থাকবে।”

অন্যদিকে, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসুও প্রশ্ন তুলেছেন, কেন এখনও পদে বহাল রয়েছেন বাসন্তী বর্মন। তাঁর কথায়, “শিষ্টাচারের খাতিরেই পদত্যাগ করা উচিত ছিল।”

তবে এই বিষয়ে বাসন্তী বর্মনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের তরফেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে দাবি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *