আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- Jateswar Police Outpost এলাকার হেদায়েত নগরে পুলিশের অভিযানে উদ্ধার হল পাঁচটি গরু। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে পাঁচটি গরু উদ্ধার হয়। পরে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে গাড়ির চালক কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলে অভিযোগ।
এরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে জটেশ্বর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে পরে খোয়ারে পাঠানো হয়েছে। পাশাপাশি গাড়িটিকেও আটক করেছে পুলিশ।
জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, ধৃত ব্যক্তিকে বুধবার আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, অবৈধ এই ধরনের কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং আগামীতেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।