মালদা, নিজস্ব সংবাদদাতা:—মালদা জেলার হবিবপুরে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে, হবিবপুর আইসিডিএস প্রজেক্ট এবং ইংলিশ বাজার ফায়ার স্টেশনের সহযোগিতায় আগুন নির্বাপক যন্ত্র ব্যবহারের উপর একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার বুলবুলচণ্ডী জি.এস.ভি. হাই স্কুল মাঠ সংলগ্ন সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, হবিবপুর আইসিডিএস প্রজেক্টের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার রান্নার জন্য গ্যাস ওভেন ও এলপিজি সিলিন্ডারের পাশাপাশি আগুন নির্বাপক যন্ত্রও সরবরাহ করা হবে। সেই লক্ষ্যেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আগুন লাগার সম্ভাব্য কারণ, গ্যাস সিলিন্ডার লিক হলে করণীয়, রান্নার সময় অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে ইংলিশ বাজার ফায়ার স্টেশনের আধিকারিক ও কর্মীরা হাতে-কলমে আগুন নির্বাপক যন্ত্র ব্যবহারের পদ্ধতি প্রদর্শন করেন এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে নিরাপদে পদক্ষেপ নিতে হবে, তা বোঝান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও (CDPO) সৌরভ চ্যাটার্জি, ইংলিশ বাজার ফায়ার স্টেশনের সাব-অফিসার কৃষ্ণকান্ত পাল-সহ আইসিডিএস ও দমকল বিভাগের অন্যান্য আধিকারিকরা।