Categories
বিবিধ

ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে মালদায় কৃষি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলায় সারের কালোবাজারি রুখতে শুক্রবার বিশেষ অভিযান চালালো জেলা ফার্টিলাইজার ও কৃষি দপ্তর, সঙ্গে ছিল পুলিশ প্রশাসন। পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকার বিভিন্ন সারের দোকানে এই অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অনিন্দ সরকার, ডিডিএ-সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন আধিকারিকরা বিভিন্ন সারের দোকানে গিয়ে সার ও কীটনাশকের মজুত, সরকারি নির্ধারিত মূল্য তালিকা এবং মজুত সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন।
জেলা ফার্টিলাইজার দপ্তর সূত্রে জানা যায়, মূলত সারের কালোবাজারি বন্ধ করা, কৃষকরা যাতে সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে সার পান এবং ডিলাররা নিয়ম মেনে সারের মজুত ও স্টক স্টেটমেন্ট রাখছেন কি না, তা যাচাই করতেই এই অভিযান।
কৃষি দপ্তরের আধিকারিকদের দাবি, সারের কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে বিক্রি রুখতে জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান চালানো হবে। কৃষকরা যাতে সার ও কীটনাশক কিনতে গিয়ে কোনওভাবে প্রতারিত না হন এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পান, তা নিশ্চিত করতে এই অভিযান।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *