Categories
বিবিধ

হারিয়ে যাওয়া হ্যান্ডলুমের ঐতিহ্য ফেরাতে সমুদ্রগড়ে বর্ধমান হ্যান্ডলুমের উদ্যোগ।

নিজস্ব সংবাদদাতা, পূর্বস্থলী : – হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় তাঁত কাপড়ের হাটে আয়োজিত হলো এক বিশেষ সম্মেলন। ‘বর্ধমান হ্যান্ডলুম ডেভেলপারস অ্যান্ড প্রডিউসার কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে শুক্রবার আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার শতাধিক তাঁত শিল্পী।
বর্তমান যুগে পাওয়ারলুমের রমরমা ও আধুনিক টেক্সটাইলের প্রতিযোগিতায় অস্তিত্ব সংকটে পড়েছে বাংলার ঐতিহ্যবাহী হ্যান্ডলুম বা হস্তচালিত তাঁত। গ্রামীণ এই শিল্পকে টিকিয়ে রাখা এবং শিল্পীদের আর্থিক স্বনির্ভরতা ফিরিয়ে আনাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এই সম্মেলনে সকলকে দেখানো হলো কিভাবে তুলো থেকে সুতো তৈরি হয় মসলিন কাপড় তৈরি করা হয় হাতের আংটির ভিতর দিয়ে ১১ মিটার কাপড় প্রবেশ করানো হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NHDC) পদস্থ আধিকারিক চৌধুরী বাবু, বিশিষ্ট লেখক হরিপদ বসাক এবং একাধিক জাতীয় ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী।
শিল্পীদের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তাঁত শিল্পী মনোজ রায় জানান, “হ্যান্ডলুমের পণের সঠিক বাজারজাতকরণ না হওয়া এবং আধুনিক প্রযুক্তির চাপে ধীরে ধীরে এলাকা থেকে বিলুপ্ত হচ্ছে এই শিল্প। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনা এবং তাঁতিদের নতুন করে দিশা দেখাতেই আমাদের এই প্রচেষ্টা।”
সম্মেলনে সরকারি সুযোগ-সুবিধা, কাঁচামালের সঠিক জোগান এবং উৎপাদিত কাপড়ের বিশ্বমানের বাজার তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রাচীন এই হস্তশিল্পকে পুনরুজ্জীবিত করতে আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় তাঁত শিল্পীরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *