মালদা, নিজস্ব সংবাদদাতা:— পুরাতন মালদার নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের উদ্যোগে মক ড্রিল অনুষ্ঠিত।পুরাতন মালদার নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মক ড্রিলের আয়োজন করা হয়। শিল্পাঞ্চলে সম্ভাব্য দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার প্রস্তুতি যাচাই করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।
এই মক ড্রিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার। এছাড়াও অংশগ্রহণ করেন জেলা পুলিশ প্রশাসন, কিউআরটি (রেসকিউ) টিম, স্বাস্থ্য দপ্তর, ফায়ার ও ইমার্জেন্সি সার্ভিসেস এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।মহড়ায় গ্যাস লিক ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতির মোকাবিলায় উদ্ধারকাজ, আহতদের প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিভিন্ন দিক বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মক ড্রিলের মাধ্যমে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী করা সম্ভব হবে।