পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে রাজ্যজুড়ে হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। সেই মতো মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন ছোট-বড় হোটেল ও রাস্তার ধারে গড়ে ওঠা রেস্তোরাঁয় অভিযান চালাল জেলা খাদ্য দপ্তরের আধিকারিকরা।
অভিযানে খাদ্য দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ঢুকে রান্নাঘর, খাবার সংরক্ষণের ব্যবস্থা এবং ব্যবহৃত খাদ্যসামগ্রীর গুণগত মান খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন খাবারের নমুনাও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অভিযান চলাকালীন হোটেল ও রেস্তোরাঁর কর্মীদের খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। কীভাবে খাবারের গুণগত মান বজায় রাখা যায় এবং খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সেই বিষয়েও কর্মীদের সঙ্গে কথা বলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। সাধারণ মানুষের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
Categories
চন্দ্রকোনারোডে খাদ্য দপ্তরের অভিযান, স্বাস্থ্যবিধি মানতে হোটেল-রেস্তোরাঁ কর্মীদের সতর্কতা।