Categories
বিবিধ

গান্ধী-শাস্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান, স্বচ্ছতার শপথের পর ৫ কিলোমিটার দৌড়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী ডিএভি পাবলিক স্কুলে। প্রতি বছরের মতো এ বছরও বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘রান ফর ডিএভি’ ও ‘ফিট ডিএভি ফ্রিডম রান’ নামে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। সুস্থ শরীর ও সচেতন মানসিকতা গড়ে তোলার পাশাপাশি মহাত্মা গান্ধীর অহিংসা, সম্প্রীতি এবং স্বচ্ছতার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।
এইদিন সকাল ৭টায় মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান এবং স্বচ্ছতার শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয়ের পতাকাকে সম্মান জানিয়ে পাঁচ কিলোমিটার দৌড়ের সূচনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী এন. কে. গৌতম। এই দৌড় প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ১৮০ জন পড়ুয়া অংশগ্রহণ করে। দৌড় চলাকালীন পথের দু’পাশে থাকা মানুষজন করতালি দিয়ে খুদে ও তরুণ দৌড়বিদদের উৎসাহিত করেন।
প্রতিযোগিতা শেষে ছেলে ও মেয়ে বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সেরাদের মেমেন্টো প্রদান করা হয়। একই সঙ্গে দৌড় সম্পূর্ণ করা সকল অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।
শরীরচর্চা, স্বাস্থ্য সচেতনতা এবং গান্ধীজির আদর্শকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় গোটা অনুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতায় এবারের গান্ধী জয়ন্তীর এই বিশেষ আয়োজন সফলভাবে শেষ হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *