পূর্বস্থলী, নিজস্ব সংবাদদাতা:- “২৫ টাকার গেরুয়া গামছা গলায় ঝুলিয়ে ‘জয় শ্রীরাম’ বললেই বড় বিজেপি কর্মী হওয়া যায় না।” নব্য বিজেপি কর্মীদের উদ্দেশে এমনই মন্তব্য করলেন কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মানিক রায়।
শুক্রবার বিকেলে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুরে ‘পথের সাথী’-তে আয়োজিত এক সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের নতুন কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দেন তিনি। মানিক রায় বলেন, দোকান থেকে গেরুয়া গামছা কিনে গলায় ঝুলিয়ে নিজেদের বড় বিজেপি কর্মী হিসেবে তুলে ধরছেন—এমন ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হবে।
তাঁর বক্তব্য, দলের নাম ব্যবহার করে কেউ কোনও অপকর্ম করলে তার প্রভাব দলের উপর পড়ে এবং তাতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। রাজ্য সভাপতির নির্দেশ মেনে দলের নাম করে অপকর্মে জড়িত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী দক্ষিণ ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে নসরতপুরের ‘পথের সাথী’-তে দলীয় কর্মীদের নিয়ে এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি তাপস হালদার-সহ দলের অন্যান্য কর্মীরা।
সভামঞ্চ থেকেই নব্য বিজেপি কর্মীদের উদ্দেশে দলীয় শৃঙ্খলা ও আচরণ নিয়ে কড়া বার্তা দেন কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। তাঁর বক্তব্য ঘিরে দলের অন্দরেও আলোচনা শুরু হয়েছে।