Categories
বিবিধ

‘সংবাদমাধ্যমে টিকে থাকতেই পার্টি অফিসে ঝামেলা’, তৃণমূল ও সিপিএমকে নিশানা দিলীপের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইলেকশন কমিশনের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ তুললেও তার প্রমাণ দেখাতে পারেনি কংগ্রেস—এমনই কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার খড়্গপুরে একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএমকে নিশানা করেন তিনি। দিলীপ ঘোষের কটাক্ষ, নির্বাচনে হেরে গিয়ে কংগ্রেস দিল্লিতে বসে রয়েছে। পাশাপাশি তৃণমূল ও সিপিএমকেও আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, কেষ্টবাবু নিজের লোকজনকে দিয়ে নিজের পার্টি অফিসেই ঝামেলা করছেন, আর সিপিএম নিজেদের পার্টি অফিস নিজেরাই ভাঙছে। সংবাদমাধ্যমে টিকে থাকার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ট্রাফিক হাই স্কুলে একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন দিলীপ ঘোষ। স্কুলে প্রায় ২৭০০ পড়ুয়া থাকলেও পর্যাপ্ত বিল্ডিং নেই বলে জানানো হয়। দিলীপ ঘোষ বলেন, ব্রিটিশ আমলের প্রায় ৮০ বছরের পুরনো ভবনে পড়াশোনা চলছে। ছাত্র-ছাত্রী ও শিক্ষক রয়েছেন, কিন্তু পর্যাপ্ত ভবন নেই। আগামী দিনে স্কুলের নতুন ভবন তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এরপর খড়্গপুরের ১৬ নম্বর ওয়ার্ডের সেবা সংঘ প্রাথমিক বিদ্যালয়ে একটি কংক্রিটের ঘরের উদ্বোধন করেন। পরে খড়্গপুরের অন্ধ স্কুলে জনকল্যাণ শিবিরে যোগ দেন তিনি। সালবাগিচায় অনুষ্ঠিত সেবা সংকল্প শিবিরেও অংশ নেন। এছাড়াও পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শুটিং চ্যাম্পিয়নশিপে উপস্থিত হয়ে শুটিংয়েও অংশ নেন দিলীপ ঘোষ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *