প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাঁকরাইল থানা চত্বর এলাকায় দুর্গাপুজো কমিটিগুলির হাতে রাজ্য সরকারের এক লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের এডিসিপি বাপ্পাদিত্য ঘোষ, সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আইসি বিশ্বজিৎ মন্ডল সহ থানার বিভিন্ন আধিকারিক ও পুলিশ কর্মী ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইল থানা এলাকার ২০০-রও বেশি পুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দেওয়ার কাজ চলছে। পুজোকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
এডিসিপি বাপ্পাদিত্য ঘোষ জানান, পুজো মণ্ডপে কোনওভাবেই ডিজে বাজানো চলবে না। দর্শনার্থীদের ভিড় বাড়লে তা সামাল দেওয়ার জন্য প্রতিটি পুজো কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মণ্ডপে প্রবেশ ও বেরোনোর পথ পর্যাপ্ত প্রশস্ত রাখার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ভিড়ের মধ্যে কোনওরকম সমস্যা না হয়।
পুজোর দিনগুলিতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে পুলিশের তরফে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বুথ ক্যাম্প করা হবে। পাশাপাশি, নজরদারির জন্য থাকবে আরটি গাড়িও। সব মিলিয়ে দুর্গাপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পুজো পরিচালনার লক্ষ্যে আগাম প্রস্তুতি নিচ্ছে হাওড়া সিটি পুলিশ। নতুন সরকারের দেয়া প্রতিশ্রুতিমত অনুদানের চেক পেয়ে খুশি পূজা কমিটির কর্মকর্তারা l