Categories
বিবিধ

পুজোর মরশুমে নদিয়ায় চাঞ্চল্য, বন্ধ সেলুন থেকে উদ্ধার অমিত শীলের ঝুলন্ত দেহ।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা: পুজোর আবহে নদিয়ার গয়েশপুরের বেদী ভবন বাজারে একটি সেলুনের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতরা পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গত চার দিন ধরে ওই সেলুনটি বন্ধ ছিল। গত দু’দিন ধরে দোকান থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করে। বুধবার সকালে দুর্গন্ধ অসহনীয় হয়ে ওঠায় আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের ভিতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

তবে দেহ উদ্ধারের পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রের দাবি, যুবকের মুখ কালো প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। পাশাপাশি দেহের নিচে চারপাশে তোয়ালে ও লুঙ্গি দিয়ে ঘেরাও করা ছিল বলে জানা গিয়েছে। এই পরিস্থিতি ঘিরেই ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

যুবকের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির উপরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *