Categories
বিবিধ

ইংরেজবাজারের আনন্দমোহনপুরে রহস্যমৃত্যু, বাড়ির দোতলার ঘর থেকে উদ্ধার পবিত্র কর্মকারের দেহ।

মালদা। নিজস্ব সংবাদদাতা : – বাড়ির দোতলার শোবার ঘরে বিছানার উপর উদ্ধার সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ। তাঁকে কি খুন করা হয়েছে, নাকি স্ট্রোকের কারণে মৃত্যু? এই প্রশ্ন ঘিরে রহস্য দানা বেঁধেছে ইংরেজবাজার থানার আনন্দমোহনপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের নাম পবিত্র কর্মকার (৪২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও হাঁটাচলা করতে পারলেও কথা বলতে অসুবিধা হতো তাঁর। সিভিক ভলান্টিয়ার হিসেবে পাওয়া বেতনেই চলত সংসার। স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে তাঁর।
পরিবারের সদস্যরা শনিবার বিকেলে বাড়ি ফিরে দোতলার শোবার ঘরে বিছানার উপর পবিত্রবাবুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিল্কি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাড়িতে থাকা অবস্থায় কীভাবে মৃত্যু হল তাঁর, তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃত্যুর নেপথ্যে অন্য কারও হাত রয়েছে, নাকি শারীরিক অসুস্থতার কারণেই এই পরিণতি, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *