ত্রিপুরার, নিজস্ব সংবাদদাতা:- ক্যামেরা এবং কলমের গণ্ডি পেরিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল ত্রিপুরার সাংবাদিকদের প্রথম সারির সংগঠন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি’ (SMA Type-1) নামক একটি কঠিন রোগে আক্রান্ত ২২ মাসের শিশুকন্যা মনুশ্রী চৌধুরীর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ‘জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা’। আগরতলার হাঁপানিয়া চৌমুহনি পাড়া এলাকার বাসিন্দা ধ্রুব চৌধুরীর একমাত্র শিশুকন্যা মনুশ্রীর এই মরণব্যাধির খবর প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। চিকিৎসকদের মতে, এই মারাত্মক রোগ থেকে মনুশ্রীকে পুরোপুরি সুস্থ করে তুলতে প্রয়োজন একটি অত্যন্ত বিশেষ জীবনদায়ী ইনজেকশন, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা প্রায় অসম্ভব। এই কঠিন পরিস্থিতিতে ছোট্ট মনুশ্রীর জীবন রক্ষার্থে এগিয়ে এসেছে ভারতবর্ষের বৃহত্তম সাংবাদিকদের সংগঠন ‘ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস ইন্ডিয়া’ (NUJI)-র অন্তর্ভুক্ত ‘জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা’। আজ সংগঠনের সভাপতি বিক্রম কর্মকার এবং সাধারণ সম্পাদক মিঠুন আচার্যী মনুশ্রীর বাড়িতে যান। তাঁরা শিশুটির মায়ের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন এবং সংগঠনের তরফ থেকে প্রাথমিক আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দেন। পেশাগত কর্তব্যের বাইরে গিয়ে সাংবাদিকদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মনুশ্রীর পরিবারসহ গোটা ত্রিপুরার জনগণ। সংগঠনের পক্ষ থেকে রাজ্য ও দেশের সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, যে যার সাধ্যমতো যেন ছোট্ট মনুশ্রীর চিকিৎসায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। সকলের সম্মিলিত একটি ছোট প্রয়াসই পারে ২২ মাসের এই নিষ্পাপ শিশুকে নতুন করে জীবনের আলো দেখাতে।
Categories
ছোট্ট মনুশ্রীর জীবনের আশায় বড় উদ্যোগ, চিকিৎসার জন্য পাশে দাঁড়াল ত্রিপুরার সাংবাদিকরা।