পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে দহি হান্ডি উৎসবের আয়োজন করা হয়। চন্দ্রকোনারোড জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে শহরের সারেঙ্গা রাস্তায় এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে বিকেল থেকেই এলাকায় উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এলাকার কচিকাঁচাদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয় জাদু প্রদর্শনের। পরে ছোট ছোট যুবকরা একত্রিত হয়ে দহি হান্ডি উৎসবে অংশ নেন। শুধু যুবকরাই নন, উৎসবে অংশ নেন এলাকার যুবতীরাও। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, এ বছর দহি হান্ডি উৎসব নবম বর্ষে পদার্পণ করেছে। উৎসবকে কেন্দ্র করে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই উৎসব দেখতে ভিড় করেন। অন্যদিকে, উৎসব চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
Categories
জন্মাষ্টমীতে চন্দ্রকোনারোডে দহি হান্ডি উৎসব, যুবক-যুবতীদের অংশগ্রহণে জমজমাট আয়োজন।