Categories
বিবিধ

জলজটের জেরে অচল অরঙ্গাবাদ বাজার, বিক্ষোভে নামলেন ব্যবসায়ীরা।।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে জমে থাকা এক হাঁটু জল এবং নোংরা আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধের প্রতিবাদে চরম পদক্ষেপ নিলেন অরঙ্গাবাদ বাজারের ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার হঠাৎ করেই অরবিন্দ/অরঙ্গাবাদ বাজার ব্যবসায়ী কমিটির ডাকে পুরো অরঙ্গাবাদ বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রেখে সুতির নেতাজি মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন ব্যবসায়ীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হয় অরঙ্গাবাদ বাজারের সমস্ত দোকান।

ব্যবসায়ীদের মূল অভিযোগ, অরঙ্গাবাদ বাজার যাওয়ার প্রধান মুখ অর্থাৎ পাল মার্কেট পেরিয়ে হনুমান মন্দিরের সামনে গত এক বছরেরও বেশি সময় ধরে জল জমে রয়েছে। জমা জলের পরিমাণ এতটাই বেশি যে ক্রেতারা বাজারে আসতে ভয় পাচ্ছেন। ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন অরঙ্গাবাদ বাজার ব্যবসায়ীরা। শুধু জলজটই নয়, সেই সঙ্গে জমতে থাকা পচা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা এলাকায় স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলেছে। বহু পুরোনো এই ঐতিহ্যবাহী বাজারের এমন বেহাল দশা সত্ত্বেও প্রশাসন এতদিন কোনো পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ তাঁদের।

বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি জেনারেল সেক্রেটারি শংকর পাল। তিনি ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং তাঁদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। আন্দোলনস্থল থেকেই তিনি সরাসরি সুতি ২ নম্বর ব্লকের বিডিও (BDO)-কে ফোন করেন এবং বিষয়টি অবিলম্বে সমাধানের দাবি জানান। শংকর পাল আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে বলেন, খুব দ্রুত এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন অরঙ্গাবাদ বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ব্যবসায়ী কমিটির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত এই জমা জল ও আবর্জনা পরিষ্কার করা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথ বেছে নেবেন তাঁরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *