Categories
বিবিধ

টাকা না পেয়ে বিক্ষোভ, প্রায় ২০ মিনিট অবরুদ্ধ মালদা-নালাগোলা রাজ্য সড়ক।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়াকে কেন্দ্র করে পাকুয়াহাট এলাকায়, মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। শুক্রবার বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজে আয়োজিত রাজ্য সরকারের ‘সেবা সেতু অভিযান’ শিবির চলাকালীন এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হওয়া মহিলারা সমাধানের আশায় এদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজে আয়োজিত সেবা সেতু অভিযান শিবিরে হাজির হন। সেখানে তাঁরা প্রয়োজনীয় ফর্ম পূরণ করে নিজেদের সমস্যার কথা জানান। কিন্তু শিবিরে গিয়েও সমস্যার তাৎক্ষণিক সমাধান হবে না বলে জানানো হয়। এতেই ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলারা।

এরপর ক্ষুব্ধ মহিলারা পাকুয়াহাট ডিগ্রি কলেজ সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়কে বসে পড়ে পথ অবরোধ শুরু করেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অবিলম্বে দেওয়ার দাবিতে চলে বিক্ষোভ। প্রায় ২০ মিনিট ধরে অবরোধ চলায় ওই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। আটকে পড়ে বেশ কিছু যানবাহন। এর ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের আধিকারিকরা বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

তবে সেবা সেতু অভিযান শিবিরে এসেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারী মহিলারা। দ্রুত তাঁদের সমস্যার স্থায়ী সমাধান করে প্রাপ্য টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তাঁরা। সরকারি প্রকল্পের সুবিধা পেতে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *