Categories
বিবিধ

প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা, বেহাল সুপার মার্কেটে ঝুঁকি নিয়ে ব্যবসা চন্দ্রকোনারোডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন সুপার মার্কেটের একাধিক দোকানঘরের বেহাল দশায় চরম সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। কোথাও ছাদ চুঁইয়ে পড়ছে জল, আবার কোথাও হঠাৎ ভেঙে পড়ছে ছাদের কংক্রিটের অংশ। বৃষ্টির জল ঢুকে ভিজে যাচ্ছে দোকানের বিভিন্ন সরঞ্জাম। দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও এখনও মেলেনি স্থায়ী সমাধান—এমনই অভিযোগ ব্যবসায়ীদের।
জানা গিয়েছে, ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে ওই সুপার মার্কেটের দোকানঘরগুলি ব্যবসায়ীদের মধ্যে বণ্টন করা হয়েছিল। এর জন্য নিয়মিত মাসিক ভাড়াও দেন ব্যবসায়ীরা। কিন্তু দোকানঘরগুলির পরিকাঠামোর এই বেহাল অবস্থায় কার্যত মাথায় হাত পড়েছে তাঁদের।ব্যবসায়ীদের অভিযোগ, ছাদ থেকে জল পড়ার পাশাপাশি মাঝেমধ্যেই ছাদের কংক্রিটের চাঙড় ভেঙে পড়ছে। ফলে একদিকে যেমন দোকানের জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে দোকানে বসে ব্যবসা করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই বিষয়টি লিখিতভাবে গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে বলে দাবি তাঁদের। প্রশাসনের তরফেও জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি প্রতিনিধিরা ওই দোকানঘরগুলি পরিদর্শন করেছেন। তবে পরিদর্শনের পরও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। দোকানঘরের বেহাল দশার কারণে ব্যবসায় মারাত্মক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দোকান বন্ধ রাখলে সংসার চালানো কঠিন, আবার ঝুঁকি নিয়ে দোকান খুললেও ক্ষতির আশঙ্কা—এই পরিস্থিতিতে কীভাবে ব্যবসা চালাবেন, তা নিয়ে সংশয়ে তাঁরা।
স্থানীয় ব্যবসায়ী অমিত ঘোষ বলেন, “এর আগেও গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানানো হয়েছে। পরিদর্শনও হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি।”
ব্যবসায়ীদের প্রশ্ন, কবে কাটবে সুপার মার্কেটের এই দুর্দশা? দ্রুত দোকানঘরগুলির ছাদ ও পরিকাঠামো সংস্কার করে তাঁদের নিরাপদ পরিবেশে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *