Categories
বিবিধ

ফাটল ধরা দেওয়াল, খসে পড়ছে ছাদ—দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত ছাত্রী ও শিক্ষকরা।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। ভাঙা ছাদ, ফাটল ধরা দেওয়াল আর অনবরত খসে পড়া চাঙড়ের আতঙ্ক নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে চন্দ্রকোনা রোড বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। সামান্য বৃষ্টিতেই ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে ক্লাসরুমে। ফলে বই-খাতা বাঁচিয়ে কোনোমতে এক কোণে জড়ো হয়েই কাটছে তাদের শিক্ষাজীবন। স্কুলের এই জরাজীর্ণ পরিকাঠামো ছাত্রীদের সুরক্ষাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

​স্কুলের এই চরম অব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমছে এলাকায়। বিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে উন্নয়ন সংক্রান্ত বোর্ড লাগানো একাধিক আধিকারিকের শীততাপ নিয়ন্ত্রিত অফিস। অথচ, এলাকায় উন্নয়ন তদারকির জন্য এত উচ্চপদস্থ আধিকারিক থাকা সত্ত্বেও কেন বছরের পর বছর ঝুলে রয়েছে স্কুলের সংস্কার? সংশ্লিষ্ট আধিকারিকদের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবেই কি আজ এই ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়ের পরিকাঠামো ধ্বংসের মুখে—সেই প্রশ্নই এখন সর্বত্র।

​অভিভাবকদের দাবি, অবিলম্বে স্কুলের ছাদ মেরামত ও নিরাপদ ভবনের ব্যবস্থা করতে হবে। প্রশাসন দ্রুত সদর্থক পদক্ষেপ না করলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *