শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপূজার ছুটিতে বাড়িতে তালা লাগিয়ে বেড়াতে যাওয়া এখন অনেকের কাছেই স্বাভাবিক বিষয়। তবে বাইরে বেড়াতে গিয়ে বাড়ি খালি থাকার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করল শিলিগুড়ি পুলিশ। পুলিশের আশঙ্কা, সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টের মাধ্যমে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকার বিষয়টি জানতে পারে। ফলে চুরির ঝুঁকি বাড়তে পারে।
দুর্গাপূজার আগে বুধবার শহরের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে পুলিশ প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ, SSB, জলপাইগুড়ির SDO, শিলিগুড়ির SDO-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক।
বৈঠকে দুর্গাপূজার সময় শহরের নিরাপত্তা ব্যবস্থা, পুজো মণ্ডপগুলির প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানান। বিশেষ করে বাড়ি খালি রেখে বাইরে যাওয়ার তথ্য বা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার পরামর্শ দেন তিনি।
পুজো মণ্ডপগুলির নিরাপত্তা নিয়েও একাধিক নির্দেশিকা জারি করেছে প্রশাসন। নির্দেশ অনুযায়ী, প্রতিটি পুজো মণ্ডপে CCTV ক্যামেরা ও নৈশপ্রহরী রাখা বাধ্যতামূলক করা হয়েছে। রাতের সময় পুলিশের বিশেষ টহল চলবে। মহিলাদের নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে দুর্গাবাহিনী ও উইনার্স টিম।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, পুজো প্যান্ডেলের উচ্চতা সর্বোচ্চ ৪০ ফুট এবং প্রবেশপথের প্রস্থ ১২ ফুট রাখার কথা বলা হয়েছে। প্রতিটি মণ্ডপে অগ্নিনির্বাপণের উপযুক্ত ব্যবস্থা রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ থাকবে। পুজো কমিটিগুলিকে পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল সামগ্রী ব্যবহারের জন্য আবেদন জানানো হয়েছে। বিসর্জনের ক্ষেত্রেও নিরাপত্তার কথা মাথায় রেখে ক্রেন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় প্রায় ১,০০০টি দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে। বিপুল সংখ্যক পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বৈঠকে শিলিগুড়ির কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ এলাকা নিয়েও আলোচনা হয়। পুলিশ কমিশনার জানান, এই বিষয়ে BSF ও SSB আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনও ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।