Categories
বিবিধ

মালদার কালিয়াচকে রাস্তার উপর পড়ে দুটি তাজা বোমা, তদন্তে নেমেছে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বিসর্জনের কয়েক ঘণ্টা আগে মালদার কালিয়াচকে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কালিয়াচক-১ ব্লকের আলিপুর-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুর সর্দারটোলা এলাকায় রাস্তার উপর থেকে বোমা দুটি উদ্ধার হয়। কে বা কারা গভীর রাতে বোমা দুটি সেখানে রেখে গিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রাস্তার উপর বোমা দুটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপরই কালিয়াচক থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বোমা দুটির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পরে বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করেন। সেগুলি একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় বলে জানা গিয়েছে। বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ লক্ষ্মীপুর সর্দারটোলা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এলাকাটি যথেষ্ট জনবহুল। আশপাশে রয়েছে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র ও সাব-সেন্টার। ফলে জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে বোমা এল, তা নিয়ে উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় বাসিন্দা সাদামান খান ওরফে বাপ্পা বলেন, “দীর্ঘদিন ধরে এলাকায় শান্তি বজায় ছিল। এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমরা সচেষ্ট। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করা হোক এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

বিসর্জনের আগে এমন ঘটনায় এলাকায় কোনও অশান্তির পরিকল্পনা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে বোমা উদ্ধারের পিছনে প্রকৃত কারণ কী, কে বা কারা সেগুলি রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ। তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *