Categories
বিবিধ

মুড়ি-বিস্কুট খেয়ে ‘ভোজ’ সেরে চম্পট হাতির, শালবনি-গোয়ালতোড়ে তাণ্ডবে আতঙ্ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে খাবারের দোকানে হানা দিয়ে মুড়ি, বিস্কুট-সহ অন্যান্য খাদ্যসামগ্রী খেয়ে চম্পট দিল হাতি। পাশাপাশি অন্য একটি হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে চালাঘর, ভেঙে গিয়েছে একটি সাইকেল। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ও গোয়ালতোড় রেঞ্জ সংলগ্ন এলাকায়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে তিনটি হাতি শালবনির কলাইমুড়ি এলাকায় ঢুকে পড়ে। এর মধ্যে একটি হাতি একটি খাবারের দোকানে হানা দেয়। প্রথমে দোকানের সামনের অ্যাডবেস্টসের ছাউনি ভেঙে ফেলে সেটি। এরপর দরজা ভেঙে দোকানের ভিতরে ঢুকে মুড়ি, বিস্কুট-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী খেয়ে সেখান থেকে চলে যায় হাতিটি।
অন্যদিকে, রুপাইপুর ও কদমডিহা এলাকাতেও একটি হাতি তাণ্ডব চালায় বলে জানা গিয়েছে। ওই হাতিটি একটি চালাঘর ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি একটি সাইকেলও ভেঙে দেয়। বন দফতরের এক আধিকারিক জানান, তিনটি হাতি এলাকায় ঢুকেছিল। হাতিগুলির গতিবিধির উপর নজর রাখছে বন দফতর। রাতের দিকে হাতির উপস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *