Categories
বিবিধ

‘সেবার রঙ্গে, দেশের সঙ্গে’—কুমারগঞ্জে ছয় বিদ্যালয়ের পড়ুয়াদের রঙ্গোলি প্রতিযোগিতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-রঙের নকশায় দেশাত্মবোধ ও সামাজিক সচেতনতার বার্তা। শনিবার কুমারগঞ্জের কিষাণ মান্ডি চত্বরে ছয়টি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল রঙ্গোলি প্রতিযোগিতা। ‘সেবার রঙ্গে, দেশের সঙ্গে’ ভাবনাকে সামনে রেখে কুমারগঞ্জ ব্লকের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিন দুপুরে কিষাণ মান্ডি চত্বরে প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়ারা রং ও বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করে নানা ধরনের রঙ্গোলি। প্রতিটি নকশায় পরিষেবা, দেশাত্মবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার মতো বিষয়কে তুলে ধরার চেষ্টা ছিল। রঙিন নকশায় নিজেদের ভাবনা ফুটিয়ে তুলতে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।

প্রতিযোগিতায় অংশ নেয় ডাঙ্গারহাট হাইস্কুল, গোপালগঞ্জ আরএন হাইস্কুল, গৌরাঙ্গপুর হাইস্কুল, সাফানগর হাইস্কুল, সীতাহার-মূলগ্রাম হাইস্কুল এবং গোলাবাড়ি হাইস্কুল। বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও আগ্রহ দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের দুই চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবাশিস তামাং ও দেবলীনা চট্টোপাধ্যায় এবং এডিএ দেবারতি শীল-সহ প্রশাসন ও শিক্ষা দফতরের আধিকারিকরা। প্রতিযোগিতা শেষে জানানো হয়, অংশগ্রহণকারী ছয়টি বিদ্যালয়ের মধ্যে দু’টি বিদ্যালয়কে পুরস্কৃত করা হবে। আধিকারিকদের উপস্থিতিতে প্রতিযোগিতার পর্ব সম্পন্ন হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *